২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলা শুরুর আগেই বিএনপি বলছে ফাউল: হানিফ

পৌরসভা নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই বিএনপি নানা অভিযোগ তুলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2015, 02:16 PM

Updated : 25 Apr 2022, 02:17 PM

রোববার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না। জনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখান করে আসছে। নিজেদের পরাজয়ের আশঙ্কায় এখন তারা নানা অভিযোগ করছে।

“খেলা শুরু হওয়ার আগেই বিএনপি ফাউলের অভিযোগ করছে।”

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করে সাম্যবাদী দল।

‘আন্দোলনের ইস্যু’ তৈরি করতে বিএনপি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে হানিফ বলেন, এই নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনের কোনো সুযোগ নেই।

“আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, নির্বাচনের কমিশনের দায়িত্ব অবাধ সুষ্ঠু নির্বাচন করা। সরকারের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহায়তা করা। এই নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই।”

হানিফ বলেন, পৌরভোট নিয়ে সংখ্যালঘুদের উপর হামলার অশুভ তৎপরতা চালিয়ে সরকারকে হটানো যাবে না। এটাকে কঠোরভাবে দমন করা হবে।

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সঙ্গেই শুধু ঐক্য হতে পারে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “বিএনপি ইতিমধ্যে নিজেদের যুদ্ধাপরাধীদের দল হিসেবে প্রমাণ করেছে, তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়।”

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া ও গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ ১৪ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৫ পৌরসভায় ভোটের দিন নির্ধারিত রয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, ভোটের ২১ দিন আগে প্রচারণার কোনো সুযোগ নেই।

৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া শেষ করার পর বাছাই শেষ হয়েছে ৬ ডিসেম্বর। তবে এরই মধ্যে বাতিল হওয়া অনেক প্রার্থী আপিল করেছেন। এসব নিষ্পত্তির পর প্রার্থিতা চূড়ান্ত হবে ১৩ ডিসেম্বর।

এর পর থেকেই প্রতীক নিয়ে ভোটের প্রচারণায় পুরোদমে মাঠে নামতে পারবেন প্রার্থীরা। তবে ৯ ডিসেম্বর থেকে প্রতীক ছাড়া গণসংযোগ ও পথসভার সুযোগ রয়েছে।