‘পৌর নির্বাচনে ব্যাপক কারচুপির পাঁয়তারা শুরু হয়েছে’
আসন্ন পৌরসভা নির্বাচনে কোনো প্রার্থী না থাকলেও এতে ‘ব্যাপক মাত্রায় অনিয়ম ও কারচুপির পাঁয়তারা’ শুরু হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় পার্টি (কাজি জাফর)।
শুক্রবার এক বিবৃতিতে দলটির মহাসচিব মোস্তফা জামাল হায়দার এ অভিযোগ করে বলেন, “বিরোধী প্রার্থীদের ওপর জুলুম, নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলা জারি ও নির্বাচনী আচরণবিধিমালা ভঙ্গ করে মন্ত্রী ও এমপিরা প্রত্যক্ষভাবে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এই নির্বাচনকে একটি তামাশায় পরিণত করতে উঠে-পড়ে লেগেছে।”
বিবৃতিতে ‘সব প্রতিকূলতা’ মোকাবেলা করে ‘এই নির্বাচনী লড়াই’ চালিয়ে যাওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার।
নির্বাচন কমিশনে অনিবন্ধিত হওয়ায় দলটি আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে কোনো প্রার্থী দিতে পারেনি।
তারপরও নির্বাচন নিয়ে এমন অবস্থানের বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে দলটির একজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আমাদের জোট (বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট) মনোনীত প্রার্থীদের সমর্থন দেব।”
