মুক্তি পেয়ে খালেদার বাসায় রিজভী
মুক্তি পেয়ে রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার রাত ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’য় যান তিনি।
সাক্ষাৎ শেষে রিজভী বলেন, “গোটা দেশটাই তো বন্দিশালা হয়ে গেছে। আসলে কোনটা কারাগার আর কোনটা না, এটা পার্থক্য করা মুশকিল। মুক্তি পেয়ে আমি আমার নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সালাম করতে এসেছি, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাতে এসেছে।”
একইসঙ্গে সারাদেশের নেতা-কর্মী-সমর্থকসহ গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রিজভী বলেন, “আপনারা জানেন, আমি ৩ জানুয়ারি যখন অসুস্থ ছিলাম, আইনশৃঙ্খলা বাহিনী আমাকে অ্যাপেলো হাসপাতালে নিয়ে যায় কোনো কারণ ছাড়াই। তখন থেকে একরকম বন্দি। সেই বন্দির মধ্যেই আমাকে থাকতে হয়েছে, গোপনে গণমাধ্যমে আমাকে বিবৃতি পাঠাতে হয়েছে, কথা বলতে হয়েছে।”
বিকাল ৫টায় উচ্চ আদালতের জামিনের কাগজপত্র কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-২ তে পৌঁছুলে রিজভী ছাড়া পান।
২০১৫ সালের ৩০ জানুয়ারি র্যাবের একটি দল বারিধারার একটি বাসা থেকে রুহুল কবির রিজভীকে গ্রেপ্তার করে। ওই সময়ে আত্মাগোপন থেকে তিনি হরতাল-অবরোধের কর্মসূচি ঘোষণা দিয়ে আসছিলেন।
