সন্ত্রাসের ‘উর্বর প্রজননক্ষেত্র’ জামায়াত নিষিদ্ধ করুন: মাওলানা মাসউদ
‘সন্ত্রাসের উর্বর প্রজননক্ষেত্র’ আখ্যা দিয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ‘শোলাকিয়া’ ঈদগাহের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জামায়াত নামক দলটি আমাদের দেশে সন্ত্রাসী গোষ্ঠীর একটা উর্বর প্রজনন ক্ষেত্র। জেএমবি আনসারুল্লাহ বাংলা টিমসহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম এদের উদর থেকে।
“সন্ত্রাসকে রুখতে হলে এদেরকে নিষিদ্ধ করা এবং এদের আর্থিক প্রতিষ্ঠান বাজেয়াপ্ত করে জনগণের মালিকানায় আনা ছাড়া বিকল্প নেই।”
‘আইএস, জামায়াত-শিবির এবং তাদের দোসরদের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ও যুদ্ধাপরাধীরের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জমিয়াতুল উলামা।
সংগঠনটির চেয়ারম্যান ফরীদ উদ্দীন বলেন, “কয়েকজন যুদ্ধাপরাধীর রায় কার্যকরে পাকিস্তান যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতেই প্রমাণিত হয় এই সন্ত্রাসী দলটি (জামায়াত) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চর ছিল। এখনও তারা পাকিস্তানের চর হিসাবেই কাজ করে যাচ্ছে।”
বগুড়ার শিয়া মসজিদে ও প্যারিসে হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, “ইসলামের সঙ্গে উগ্রবাদ, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের কোনো ধরনের সম্পর্ক নেই।
“ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ইসলামিক স্টেটের নামে উগ্রবাদীরা যে হামলা চালাচ্ছে, তা পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের শান্তিপূর্ণ সহাবস্থানকে ক্ষতিগ্রস্ত করছে।”
আইএসের মতো জঙ্গি গোষ্ঠীগুলো ইসলামের অপব্যাখ্যার আশ্রয় নিয়ে সারা পৃথিবীতে অস্থিরতা সৃষ্টি করে চলেছে বলে মন্তব্য করেন তিনি।
“তেমনি আরেক দল ইসলামের ক্রমবর্ধমান জাগরণে মারাত্মক অসহিষ্ণু হয়ে উঠছে। ফলে মুসলমানদের ওপর নির্যাতন-নিপীড়নের অপকৌশলরূপে সন্ত্রাস ও জঙ্গিবাদকে আরও উসকে দিচ্ছে।”
ইসলামের নামে ‘ভুল বোঝাবুঝির শিকার হয়ে’ যারা ইসলামিক স্টেটের মতো গোষ্ঠীর সঙ্গে জড়িত হয়েছে তাদেরকে সেই পথ থেকে ফিরে আসারও আহ্বান জানান তিনি।
সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতির উপর আঘাত মেনে না নেওয়ার ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মওলানা মাসউদ।
অন্যদের মধ্যে জমিয়াতুল উলামার সাধারণ সম্পাদক মওলানা আবদুর রহীম ক্বাসিমী, সম্পাদক মওলানা ইমদাদুল্লাহ ক্বাসিমী, ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী ও সাধারণ সম্পাদক মওলানা সদরুদ্দীন মাকসুন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
