সিপিবি সভাপতিকে হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার রাজধানীর প্রেসক্লাবের সামনে সমাবেশে দলের সভাপতিমণ্ডলীল সদস্য হায়দার আকবর রনো বলেন, “সরকারের নির্লিপ্ততার কারণে আজ জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক হুমকি, হত্যা অব্যাহত রেখেছে। আগে এই গোষ্ঠী মুক্তমনা মানুষদের আক্রমণ করেছে, এখন রাজনীতিবিদদের হুমকি দিচ্ছে।
“আমরা এই সমাবেশে দাবি জানাচ্ছি- অবিলম্বে কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমকে হুমকি দানকারীকে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে।”
শনিবার এক ইমেইলে মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দেওয়া হয়। হুমকি দাতা নিজাম উদ্দিন নিজেকে পরিচয় দেন ‘মিশন জিহাদ’ এর আমির হিসেবে।
ডাকসুর সাবেক ভিপি মুক্তিযোদ্ধা সেলিমকে হত্যার হুমকির ঘটনায় ওইদিন সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করা হয়।
সিপিবির ঢাকা কমিটির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে সাজ্জাদ জহির চন্দন, বিকাশ সাহা, ডা. সাজেদুল হক রুবেল বক্তব্য দেন।
