২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্টের সঙ্গে শত্রুতা নয়: বিএনপি

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের জন্য সরকারের মন্ত্রীরা যুক্তরাষ্ট্রকে দোষারোপ করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 07:57 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

এই দোষারোপ দুদেশের সম্পর্কের মধ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে বলে শনিবার এক সংবাদ সম্মেলনে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

তিনি বলেন, ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বাংলাদেশে আসছেন। আরেকজন কাউন্সিলরও আসছেন।

“এই ধরনের গুরুত্বপূর্ণ সফরের প্রাক্কালে সরকারের তথ্যমন্ত্রী, বিমানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী নানাভাবে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে কথা-বার্তা বলছেন।”

‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শক্রতার নয়’- এই পররাষ্ট্র নীতির উল্লেখ করে রিপন বলেন, “সরকার যদি একটি বিশেষ রাষ্ট্রের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, যুক্তরাষ্ট্রকে যদি দায়ী করা হয়, তাদেরকে ব্লেইম দেওয়া হয়- এটা আমাদের পররাষ্ট্র নীতির উপর অ্যাক্ট করে।

“আমাদের দল বিশ্বাস করে, না জেনে না বুঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষতি হয়- এমন কোনো মন্তব্য সরকারের তরফ থেকে করা উচিৎ নয়।”

বাংলাদেশের পণ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পাওয়াসহ দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন।

“কেবল যুক্তরাষ্ট্র নয়, কোনো দেশের সঙ্গে বাংলাদেশে শত্রুভাবাপন্ন সম্পর্ক থাকা উচিৎ নয়। সরকারের মন্ত্রীদের কথা-বার্তা ও আচরণে এই বৈরিতা যেন প্রকাশ না পায়।

“কোনো ব্লেইম গেইম না করে, কোনো রাষ্ট্রকে দোষারোপ না করে মূল সমস্যা- গণতন্ত্রের সঙ্কট সমাধানের দিকে সরকারকে নজর দিতে আমাদের দল দাবি জানাচ্ছে।”

বিএনপিকে উগ্রপন্থার সঙ্গে জড়িত দেখানোর ‘হীন প্রচেষ্টার’ অংশ হিসেবে দলের লোকজনকে গ্রেপ্তার করে স্বীকারোক্তি আদায়ে সরকার দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

“সরকারের এই চেষ্টা কোনোভাবে ফলপ্রসূ হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপি গণতান্ত্রিক রাজনীতি করে। ভোটের মাধ্যমে ক্ষমতার পট পরিবর্তনের চিন্তা করে।”

‘জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের যে অবস্থান, বিএনপিরও একই অবস্থান’ মন্তব্য করে রিপন বলেন, “বিএনপি ও দেশের মানুষের সবার অবস্থান এক। এটার সঙ্গে যেন কোনোভাবে বিএনপি বা অন্য কাউকে জড়ানোর চেষ্টা করা না হয়।

“সিলেটে আবদুল হকের গ্রেপ্তারের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে যে, এগুলোর পেছনে কারা জড়িত, কীভাবে জড়িত। সুতরাং এখানে আইএস বা অন্য কিছু খোঁজার চেষ্টা সরকারের না করাই ভালো।”

বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, তকদির হোসেন জসিম ও রফিক শিকদার।