বিদ্রোহীদের বশে আনার আশায় আওয়ামী লীগ
চট্টগ্রামের রাউজান পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দেবাশীষ পালিতকে; কিন্তু দলের আরও চার নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। সীতাকুণ্ডেও এই রকম স্বতন্ত্র প্রার্থী আছেন একজন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমার শেষ দিনে দেখা যায়, ২৩৫টি পৌরসভার অনেকগুলোতেই ক্ষমতাসীন আওয়ামী লীগের কয়েকজন করে প্রার্থী।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও শেষ পর্যন্ত একজন বাদে অন্য সবাই সরে দাঁড়াবে বলে আশা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
এক পৌরসভায় আওয়ামী লীগের একাধিক প্রার্থীর সক্রিয়তার বিষয়টি গত কয়েকদিন ধরেই গণমাধ্যমে উঠে আসছে।
২৩৫ পৌরসভায় মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করে বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে এসে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এই প্রসঙ্গটি তোলেন।
“গত কয়েকদিন থেকে দেখছি বিভিন্নভাবে পত্র-পত্রিকায় লেখালেখি হচ্ছে। আওয়ামী লীগে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই? আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হচ্ছে? এই তথ্যগুলো কোথা থেকে আসছে? এত উৎসাহ কেন?”
এরপর তিনি বলেন, “১৩ তারিখে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এখন যদি কোথাও দেখেও থাকেন, তাহলেও আপনারা (সাংবাদিক) নিশ্চিত থাকতে পারেন, ১৩ তারিখের পরে সারাদেশে যে কয়টি পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেখানে একক প্রার্থী থাকবে।”
সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি পৌরসভার এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। দলীয় ভিত্তিতে হওয়ায় স্থানীয় সরকারের এই নির্বাচনেও স্পষ্টতই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও ধানের শীষে।
এই নির্বাচনে একক প্রার্থী নিশ্চিত করতে কেন্দ্রীয় পর্যায় থেকে কঠোর হওয়ার ঘোষণা দিয়ে হানিফ বলেন, “এবার নির্বাচন হচ্ছে দলীয় ভিত্তিতে। দলীয় প্রধানের স্বাক্ষর করা মনোনয়নপত্র দেওয়া হচ্ছে প্রার্থীদের। এতে দলীয় প্রতীক ব্যবহার হচ্ছে। তাই কেউ দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তাকে গঠনতন্ত্র অনুসারে শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কার করা হবে।”
তিনি আশা করছেন, দলীয় প্রধানের প্রতি আনুগত্য কিংবা বহিষ্কৃত হওয়ার শঙ্কা থেকে অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব্নে।
সংবাদ সম্মেলনে মাহাবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)
দুই-একটি স্থানে অবশ্য ‘কৌশলগত’ কারণে বিকল্প প্রার্থী রাখা হয়েছে বলে স্বীকার করেন হানিফ।
“আমাদেরকে অল্প সময়ের মধ্যে দ্রুততার সঙ্গে প্রার্থী যাচাই-বাচাই করতে হয়েছে। কোনো প্রার্থী যদি নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে বাদ পড়ে যায়। সেজন্য ওই জায়গাটা যাতে শূন্য না থাকে, সেজন্য কৌশলগত কারণে দুই-একটি জায়গায় বিকল্প প্রার্থী থাকতে পারে।”
প্রার্থী বাছাইয়ের কাজ অন্য দলগুলোর আগে শুরু করলেও নাম ঘোষণার কাজ দেরিতে করেছে আওয়ামী লীগ। বিদ্রোহী প্রার্থীদের ঠেকাতে এই কৌশল নেওয়া হয় বলে কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান।
সংবাদ সম্মেলনে হানিফ বলেন, সময় কম থাকায় তফসিল অনুযায়ী তৃণমূল পর্যায়ে প্রার্থী তালিকা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছিল।
‘একতরফা নির্বাচনের ষড়যন্ত্র’ হচ্ছে বলে বিএনপির অভিযোগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “বিএনপি জনবিচ্ছিন্ন হওয়ার কারণেই হয়ত এই ধরনের কাল্পনিক অভিযোগ উত্থাপন করছে, যাতে নিজেদের দিকে সাধারণ মানুষ ও ভোটারদের কিছুটা সিমপ্যাথি (সহানুভূতি) পাওয়া যায়।”
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে হানিফের সঙ্গে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।
