সব ফুলে মালা হয় না: গয়েশ্বর
নাজমুল হুদাকে ‘রাজনীতি থেকে ঝরে যাওয়া’ ব্যক্তি আখ্যায়িত করে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তার নেতৃত্বে গঠিত নতুন দল ‘তৃনমূল বিএনপি’ হালে পানি পাবে না।
শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “তৃণমূল বা ছিন্নমূল যাই হোক- একটা দল করার ঘোষণা দিয়েছেন নাজমুল হুদা। এ পর্যন্ত কতগুলো দলের ঘোষণা তিনি দিয়েছেন তা নিজেও বলতে পারবেন না।
“শতফুল ফুটতে দাও। বাগানের সব ফুলেই মালা হয় না। কিছু ফুলে মালা হয়, কিছু ফুল মাজারে যায়, কিছু ফুল জনতার চরণে যায়, কিছু ফুল মিলনের মালা হয়, আবার কিছু ফুল ঝরে যায়,” বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর।
শুক্রবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন দল গঠনের ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা হুদা।
সেখানে তিনি বলেন, খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই দলটি অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাব, সিদ্ধান্তহীনতা, দ্বিধা-দ্বন্দ্ব, বিভিন্ন পর্যায়ের নির্বাচিত কমিটি গঠনে ব্যর্থতার কারণে ‘মুখ থুবড়ে’ পড়েছে।
বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রথমে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ ও পরে বাংলাদেশ মানবাধিকার পার্টি- বিএমপি নামে দুটি দল গড়েন হুদা।
এক সময়কার জাসদ নেতা গয়েশ্বর বলেন, “কিছু লোকের জন্ম হয় ঝরে যাওয়ার জন্য, কিছু লোকের জন্ম হয় কিছু করার জন্য।
“আমার মনে হয়, আজকে যিনি উদ্যোগটা নিয়েছেন তিনি রাজনৈতিক অঙ্গনে ঝরে যাওয়ার জন্য এই পথ বেছে নিয়েছেন। বিএনপির বিনাশ নেই।”
বিএনপির মতো জাতীয়তাবাদী চেতনা ও শক্তির ধারক দলের ‘অপমৃত্যু’ হয় না বলেও মন্তব্য করেন তিনি।
“এই দলের বিনাশ নেই। এর জন্মই হয় বেঁচে থাকার জন্য। দেশে দেশপ্রেমিকের কোনো অভাব নেই। তাই দেশপ্রেমিকের দল জাতীয়তাবাদী দলও টিকে থাকবে।
“কোনো বাধাই এই দলের চলার পথকে রুদ্ধ করতে পারবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য অর্জিত হবে।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।
ছাগলে খাবে হুদার ‘তৃণমূল বিএনপি’
এদিকে নাজমুল হুদার ঘোষিত নতুন দল ‘তৃণমুল বিএনপি’ ছাগলে খেলে ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহ মোয়াজ্জেম।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা তিনি বলেন, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূল কংগ্রেসের’ মতো নাজমুল হুদাও তৃণমূল গঠন করেছে। তা তৃণের মধ্যেই থেকে যাবে, যা ছাগলে খেয়ে ফেলবে। কিন্তু মানুষকে খাওয়ানো যাবে না।
জিয়া পরিষদের আয়োজনে ৭ই নভেম্বরের আলোচনা সভায় তিনি বলেন, “গণতন্ত্রের কোথায় লেখা আছে সরকারি দল সভা-সামাবেশ করতে পারবে আর খালেদা জিয়া করতে পারবে না।”
সংগঠনের ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেত্রী সৈয়দা আশীফা আশরাফি পাপিয়া, সংগঠনের সহ-সভাপতি মো. এমতাজ ও মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ।
