খালেদা জিয়া শনিবার ফিরছেন: বিএনপি
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী শনিবার লন্ডন থেকে দেশে ফিরছেন বলে জানিয়েছেন তার আইনজীবী ও দলের নেতারা।
বৃহস্পতিবার জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের এজলাস থেকে বেরিয়ে খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানান।
সানাউল্লাহ মিয়া বলেন, “আমাকে পার্টি অফিস থেকে জানানো হয়েছে, শনিবার বিকালে ম্যাডাম লন্ডন থেকে দেশে ফিরবেন।”
এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উনি ২১ তারিখ দেশে ফিরতে পারেন। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।”
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার কথা বলে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা। দুই মাস ধরে বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে সেখানেই আছেন তিনি।
পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনেই এবার কোরবানির ঈদ করেছেন বিএনপিপ্রধান।
তিন জনের সাক্ষ্য
এদিকে বৃহস্পতিবার জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় রাষ্ট্রপক্ষের আরও তিনজন সাক্ষী তাদের জবানবন্দি দেন।
এরা হলেন- দুর্নীতি দমন কমিশনের কনস্টেবল মনসুরুল হক, সিরাজ উদ্দিন এবং ডাচ-বাংলা ব্যাংক মাতুয়াইল শাখার সহকারী ভাইস প্রেসিডেন্ট কামরুজ্জামান।
এই মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষে ১৯ জনের জবানবন্দী ও জেরাসহ সাক্ষ্য শেষ হয়েছে। আরও চারজনের জেরা শেষ হয়নি।
জিয়া দাতব্য ও জিয়া এতিমখানা দুর্নীতির মামলাতেই আগামী ২৬ নভেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন রেখেছেন বিচারক আবু আহমেদ জমাদার।
জিয়া দাতব্য ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা ছাড়া অন্য তিন আসামি হলেন- খালেদার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।
জিয়া এতিমখানা ট্রাস্ট মামলার আসামি মোট ছয়জন। খালেদা ছাড়া অন্য পাঁচজন হচ্ছেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক সাংসদ কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।
জিয়া দাতব্য ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ অগাস্ট তেজগাঁও থানায় মামলা করা হয় ।
আর ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় দায়ের করা জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় এতিমদের সহায়তায় একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়।
