২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা আর ফিরবেন না: শাজাহান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর দেশে ফিরবেন না বলে মনে করেন নৌমন্ত্রী শাজাহান খান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 01:58 PM

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে মন্ত্রী বলেন, “বেগম খালেদা জিয়া চিকিৎসার কথা বলে স্বেচ্ছায় নির্বাসনে গেছেন। তিনি আর দেশে আসবেন না।”

শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ এই মানববন্ধনের আয়োজন করে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন খালেদা। ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ করে তার দেশে ফেরার কথা থাকলেও দুই মাসেও আসেননি।

খালেদার দেশে ফেরা নিয়ে নিজের সংশয়ের ব্যাখ্যা দিয়ে শাজাহান খান বলেন, “কারণ তিনি (খালেদা) আগুনে পুড়িয়ে যেসব মানুষকে হত্যা করেছেন, দেশে এসে এসব খুনের জবাব দেওয়ার কোন মুখ তার নাই।”

যুদ্ধাপরাধী সাকা-মুজাহিদের ফাঁসির রায়ের দাবিতে ওই মানববন্ধনে রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে নৌমন্ত্রী বলেন, “কোন ষড়যন্ত্র রায়কে বাঁধাগ্রস্ত করতে পারেনি। আমাদের আশার প্রতিফলন হয়েছে।”

মুক্তিযোদ্ধাদের নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে বক্তব্য দিয়েছে তা প্রত্যাহার না হলে ২ ডিসেম্বর মতিঝিল শাপলা চত্বরে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে সমাবেশ করারও ঘোষণা দেন তিনি।