হেরে গেছি, ব্যাস: খন্দকার মাহবুব
‘হেরে গেছি’- মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর শুধু এটুকু প্রতিক্রিয়া এসেছে যুদ্ধাপরাধী সাবেক দুই মন্ত্রীর প্রধান আইনজীবীর কাছ থেকে।
সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানির পর বুধবার তা খারিজের আদেশ দেয় সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এক মিনিটের ব্যবধানে দুই রিভিউ আবেদনের রায় ঘোষণা করে। দুই ক্ষেত্রেই প্রধান বিচারপতি শুধু বলেন, “ডিসমিসড।”
শীর্ষ দুই যুদ্ধাপরাধীর ফাঁসিকাষ্ঠে যাওয়া নিশ্চিত হওয়ার পর রাষ্ট্রপক্ষ, একাত্তরে নির্যাতিত এবং গণজাগরণ মঞ্চের সন্তোষের মধ্যে আসামি পক্ষের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।
তখন তাদের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব বলেন, “আমরা আইনজীবী, আমরা আইনের লড়াই করেছি। আমরা হেরে গেছি, ব্যাস। এইটুকুই প্রতিক্রিয়া।”
রিভিউ খারিজ হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই। শুধু এখন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার সুযোগ রয়েছে এই দুই যুদ্ধাপরাধীর।
দণ্ড কার্যকরের পরবর্তী প্রক্রিয়া জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, এটা সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করে।
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুসারে এই রায় সরকার যখন যেখাবে নির্ধারণ করবে, তখনই কার্যকর হবে। এই রায়টি চলে যাবে ট্রাইব্যুনালে। এরপর সরকার যেভাবে নির্দেশ দিবেন, সেইভাবেই কার্যকর হবে।”
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কি না- দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুবের কাছে সে প্রশ্নও রাখেন সাংবাদিকরা।
যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ
পুনর্বিবেচনায় রায় কেমন হয়েছে-প্রশ্ন করা হলে তিনি বলেন, “যেহেতু আপিল বিভাগের রায়, আইনজীবী হিসাবে আমার কোনো বক্তব্য নাই। কারণ আমাদের উদ্দেশ্য হল, আসামিকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা আইনানুগভাবে দেওয়া হয়েছে কি না।
“আসামি অপরাধ করেছে কি না, সেটা দেখা আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো, আদালতে সাক্ষ্য প্রমাণ দিয়ে আসামির অপরাধ প্রমাণ করা সম্ভব হয়েছে কি না। এখন আপিল বিভাগ রায় দিয়েছেন। রায়ে মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন, এখানে আমাদের কোনো বক্তব্য নাই।”
সালাউদ্দিন কাদের একাত্তরে পাকিস্তানে ছিলেন বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে, যা শুনানিতে উপস্থাপন করেছিলেন খন্দকার মাহবুব।
তিনি বলেন, “আমরা এভিডেভিট দিয়েছি, তার সঙ্গে যারা সহপাঠী ছিলেন, তারা শপথ করে বলেছেন, তাদের সঙ্গে তিনি সহপাঠী ছিলেন। ওই সময় তিনি লাহোরে ছিলেন, সেগুলোও অবিশ্বাস করা হয়েছে। পরবর্তী পর্যায়ে বলা হচ্ছে, এগুলো যেহেতু আপিলের সময় দাখিল করা হয় নাই, এগুলো বিবেচনার যোগ্য না।”
পাকিস্তান গণপরিষদের সাবেক স্পিকার ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের একাত্তরে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিলেন বলে দাবি করেন তার আইনজীবী, তবে তা ধোপে টেকেনি।
খন্দকার মাহবুব বলেন, “উনি (সালাউদ্দিন) ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তেন। ৭১ সালে যখন বাংলাদেশে দুর্যোগপূর্ণ অবস্থা, সেই কারণেই তিনি তৎকালীন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার নিয়ে যান। সেখান তিনি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করেন। পড়াশোনা করে ওখান থেকে ডিগ্রি নেন।
“আমরা পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি সার্টিফিকেট এবং সঙ্গে আনুষঙ্গিক অনেকগুলো দলিল দাখিল করেছি। তাতে বলা হয়েছে, উনি ওই সময় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ওখান থেকে তিনি ১৯৭১ এ ডিগ্রি লাভ করেছেন।”
“আদালত বলেছে, সনদ এতদিন পরে দেওয়া হয়েছে। বিচারের সময় দেওয়া হয় নাই। সেই কারণে অবিশ্বাস করেছেন।”
খন্দকার মাহবুব বলেন, “তদুপরি যেটা উনি (প্রধান বিচারপতি) মুখে বলেছেন, পাকিস্তান মানবতাবিরোধীদের পক্ষে কথা বলে, অতএব পাকিস্তান থেকে যে কোনো দলিল এই আসামির পক্ষে আনা সম্ভব। সেই কারণে উনারা এটা বিশ্বাস করছেন না।
“সঙ্গে সঙ্গে এটাও বলেছেন, ‘আমরা সনদগুলো পরীক্ষা করেছি। তাতেও আমাদের মনে হয়, এই সনদগুলা সঠিক না’।
“জবাবে আমি বলেছি, সঠিক মনে না হলে আপনারা প্রসিকিউশনকে বলেন, পাকিস্তান থেকে ভেরিফাই করে আনতে বলেন। সেটাও আপিল বিভাগ আমলে নেন নাই,” বলেন খন্দকার মাহবুব।
একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে দাঁড়িয়ে নিরীহ বাঙালিদের হত্যায় যারা অভিযুক্ত, তাদের বিচার চলছে এখন বাংলাদেশে। কয়েকটি রায়ে জামায়াতে ইসলামীর শীর্ষনেতাদের প্রাণদণ্ড হওয়ার পর পাকিস্তানে তার প্রতিক্রিয়া দেখা গেছে।
জামায়াত নেতা মুজাহিদের রিভিউ খারিজের বিষয়ে খন্দকার মাহবুব বলেন, “একটি ধারায় একটি অপরাধের জন্য ফাঁসি দেওয়া হয়েছে।
“সেখানে আমরা বলেছি, তিনি কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত বা কোনো ঘটনার সময় উপস্থিত ছিলেন না। সেই কারণে তাকে ফাঁসির আদেশ দেওয়া সঙ্গত না।”
একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের পরিকল্পনা ও তা বাস্তবায়নের ষড়যন্ত্রের দায়ে আল বদর কমান্ডার মুজাহিদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
খন্দকার মাহবুব বলেন, “আপিল বিভাগ কামারুজ্জামানের মামলায় বলেছে, কমান্ড রেসপনসিবিলিটি হবে না। আল বদরের কমান্ড ছিল আর্মির। অতএব তাকে এতে সাজা যায় না। সেটাও আপিল বিভাগ খারিজ করে দিয়েছে।”
