জঙ্গি দমনের পথ দুটি: মওদুদ
বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোকে দুর্বল করার ‘চেষ্টার’ মধ্য দিয়ে জঙ্গিবাদের উত্থানের সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ।
বর্তমানে দেশে জঙ্গিবাদ দমনের দুটি পথ খোলা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদের মতে, জঙ্গিবাদ দমনের জন্য প্রথমত অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে ‘গণতান্ত্রিক পরিবেশ’ ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, দেশের সব গণতান্ত্রিক ও রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে হবে।
“এই দুটি যদি করেন, তাহলে জঙ্গিবাদ বাংলাদেশে থাকবে না,” বলেন তিনি।
শনিবার সন্ধ্যায় এক দলীয় সভায় মুক্তমনা ব্লগার-লেখক হত্যার প্রসঙ্গ তুলে ধরে মওদুদ বলেন, “সরকার গণতান্ত্রিক শক্তিসমূহকে দুর্বল এবং নিঃশেষ করে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত আছে বলেই আজকে কিছু বিপথগামী ও উগ্রবাদীরা এই সুযোগ গ্রহণ করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে।
“গণতন্ত্র ও গণতান্ত্রিক পরিবেশকে নিঃশেষ করে দিয়ে এই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ উত্থানে সুযোগ সৃষ্টি করে বর্তমানে এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য সরকারকেই আমরা দায়ী করতে চাই এবং সরকারই এর জন্য দায়ী।
“ক্ষমতা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক মহলের সমর্থন লাভের দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে এই ভয়ঙ্কর পথ বেছে নিয়েছে বলে আমরা মনে করি।”
বিরোধী নেতাকর্মীদের ওপর ‘দমন-পীড়ন’ বন্ধের জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “যদি দেশকে ভালোবাসেন, যদি আন্তরিক হন, সত্যিকার অর্থে যদি জঙ্গিবাদকে দমন করতে চান, অবিলম্বে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন। বিরোধী দলের ওপর নিপীড়ন-নির্যাতন বন্ধ করুন। গণতান্ত্রিক প্রবাহকে চলতে দিন।”
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ‘গণতন্ত্র ফিরলে’ বিএনপিসহ সব গণতান্ত্রিক শক্তি জঙ্গিবাদ দমনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে মন্তব্য করেন মওদুদ আহমদ।
পাঁচত্তরের ৭ নভেম্বর স্মরণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির এই আলোচনা সভা হয়।
‘বিপ্লব ও সংহতি দিবস’র চেতনা নিয়ে মওদুদ আহমদ বলেন, “জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা বিএনপি গঠন করেছিলাম। এটি একটি মধ্যপন্থি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ একটি রাজনৈতিক দল। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হন্তান্তরে বিশ্বাস করি।
“আমাদের রাজনীতি হলো যে কোনো প্রকার সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে। অথচ বর্তমান সরকার মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচারণার আশ্রয় নিয়ে বিএনপিকে একটি জঙ্গিবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছে। তারা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।
পৌরসভা নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যে সারা দেশে বিএনপির হাজার হাজার ‘নিরীহ’ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেন মওদুদ।
দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য খন্দকার মুস্তাহিদুর রহমান বক্তব্য রাখেন।
দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ও সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির পরিচালনায় সভায় যুবদলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের নুরী আরা সাফা, স্বেচ্ছাসেবক দলের মনির হোসেন, ছাত্রদলের আসাদুজ্জামান আসাদ প্রমুখ বক্তব্য দেন।
দলের জ্যেষ্ঠ নেতা আলতাফ হোসেন চৌধুরী, ফজলুল হক মিলন, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আসাদুল করীম শাহিন, শিরিন সুলতানা, হাফেজ আবদুল মালেক, শাহ নেসারুল হক, আ ক ম মোজাম্মেল হকসহ কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
