২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খালেদার সুস্থ হতে কতদিন লাগবে, শুধু আল্লাহই জানেন’

চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদৌ দেশে ফিরবেন কি না সেই প্রশ্ন তুলেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2015, 07:58 PM

Updated : 12 Oct 2022, 04:27 PM

পুরনো খবর:

লন্ডন গেলেন খালেদা

খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায়ের দিনক্ষণ ঘনিয়ে আসার পরিপ্রেক্ষিতে শুক্রবার এক সভায় এ প্রশ্ন তোলেন এই আওয়ামী লীগ নেতা।

চিকিৎসার জন্য গত কোরবানির ঈদের আগে যুক্তরাজ্যে যান খালেদা জিয়া। কয়েক বছর ধরে স্ত্রী-সন্তানকে নিয়ে লন্ডনে বসবাসরত ছেলে তারেক রহমানের বাসায় আছেন তিনি।

সম্প্রতি লন্ডনে এক সভায় খালেদা জিয়া বলেন, তার দেশে ফেরা অত্যন্ত প্রয়োজন। তবে পরিবারের সদস্যরা তাকে ছাড়তে চাচ্ছেন না।

প্রায় দুই মাস আগে দেশ ছাড়লেও দলের চেয়ারপারসন কবে দেশে ফিরবেন তা স্পষ্ট করে বলতে পারছেন না বিএনপির জ্যেষ্ঠ নেতারাও।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের’ আলোচনা সভায় কামরুল বলেন, “খালেদা জিয়ার মামলার বিচার হচ্ছে, বেশি দিন লাগবে না এই বিচার শেষ হতে।

Image
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (ফাইল ছবি)

“বিএনপি কয়েকজন নেতা আমাকে বলেছেন, মামলায় খালেদা জিয়ার সাজা হবে আর তিনিও তা উপলব্ধি করছেন। কবে যে দেশে ফিরবেন কেউ তা বলতে পারছে না।”

তিনি বলেন, “চোখের ছানির অপারেশন তো দেশেই হয়, এজন্য বিদেশে গেছেন, সুস্থ হতে যে কত দিন লাগে আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন না। আদৌ ফিরবেন কি না?”

ভারত থেকে দেশে ফিরিয়ে আনা সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের সুষ্ঠু বিচার হবে মন্তব্য করে খাদ্যমন্ত্রী বলেন, আইন সবার জন্যই সমান।

সম্প্রতি বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কামরুল ইসলাম বলেন, “জামায়াত-শিবির, জেএমবি, আল-কায়েদা একাকার হয়ে গেছে। বাংলাদেশে হত্যার পর আইএস ধোঁয়া তোলার চেষ্টা করা হচ্ছে।”

বিএনপিকে মাঠছাড়া করতে সরকার কোনো ষড়যন্ত্র করছে না দাবি করে তিনি বলেন, “সন্ত্রাসের পথে যারা হাটছেন না, রাজনীতিতে তাদের বাধা নেই। যারা সন্ত্রাস করেন না, জঙ্গিদের অর্থায়ন করেন না তাদের হেনস্থা করতে সরকার কিংবা আইনশৃঙ্খলা বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি।”

চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে মন্ত্রী বলেন, “লুই আই কানের নকশা সরকার বাস্তবায়ন করলে শুধু জিয়ার মাজার কেন অনেক স্থাপনাও সরে যাবে।”

সংসদ ভবন এলাকা থেকে জিয়ার মাজার সরানো হলেও বিএনপি আন্দোলনের সুযোগই পাবে না বলে এ নিয়ে আন্দোলনের হুমকি দেওয়া বিএনপি নেতাদের পাল্টা হুঁশিয়ারি দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল।

সম্মিলিত তরুণ পেশাজীবী পরিষদের সভাপতি জাকির আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন।