২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসে পেট্রোল বোমা: আনোয়ার-বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

নাশকতার এক মামলায় দুদিন আগে উচ্চ আদালত থেকে জামিন মিললেও আরেক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বিএনপি নেতা এম কে আনোয়ারের বিরুদ্ধে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 12:42 AM

Updated : 25 Apr 2022, 02:08 PM

অবরোধে গুলিস্তানে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের এক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আনোয়ার ছাড়াও দলটির ১৬ জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত।

নাশককতার অভিযোগে পল্টন থানার একটি মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণের পর গত ১৮ অগাস্ট থেকে কারাগারে আছেন সাবেক মন্ত্রী আনোয়ার। গত রোববার ওই মামলায় তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট।

এর দুদিনের মাথায় মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ওয়ারি থানার নাশকতার একটি মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আনোয়ারসহ অন্যদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন বলে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান।

এম কে আনোয়ার ছাড়া বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সাবেক সাংসদ সালাউদ্দিন, শিরিন সুলতানা,  হাবিব উন নবী খান সোহেল, আজিজুল বারী হেলাল ও মীর শরাফত আলী সপুর বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে এই সরকারি কৌসুলি জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ মামলায় মোট আসামি ৩৪ জন। তাদের মধ্যে একজন কারাগারে আটক রয়েছেন। জামিনে রয়েছেন ১৭ জন। বাকি ১৬ জন মামলার শুরু থেকেই পলাতক থাকায় অভিযোগপত্র আমলে নিয়ে বিচারক এ পরোয়ানা জারি করেন।”

বিএনপি-জামায়াত জোটের অবরোধ চলাকালে গত ৩০ জানুয়ারি ঢাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোলপ্লাজার কাছে একটি মিনিবাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে তাতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ ঘটনায় ২৭ জনকে আসামি করে ওয়ারি থানার এসআই ওমর আলী একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারি থানার এসআই শাহ আলম গত ১২ অগাস্ট আদালতে যে অভিযোগপত্র দেন তাতে আসামি হিসেবে ৩৪ জনের নাম উল্লেখ করা হয়।