পরিবেশ তৈরির দায়িত্ব খালেদার: আশরাফ
খালেদা জিয়া যদি সত্যিকার অর্থেই সংলাপ চান, তাহলে তিনি গঠনমূলক রাজনীতিতে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
‘খুনিদের সঙ্গে সংলাপ নয়’- দলীয় প্রধান শেখ হাসিনার এই বক্তব্যের একদিন বাদেই সোমবার আশরাফ বলেন, রাজনীতিতে আলোচনার দরজা সব সময়ই খোলা থাকে।
“সব দরজা বন্ধ করে রাজনীতি চালানো সম্ভব নয়। আশা করি, খালেদা জিয়ার শুভ বুদ্ধির উদয় হবে এবং তিনি গঠনমূলক রাজনীতিতে ফিরে আসবেন। তবেই আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।”
গাজীপুরের টঙ্গীতে সফিউদ্দিন সরকার একাডেমি প্রাঙ্গণে এক সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন জনপ্রশাসনমন্ত্রী আশরাফ।
আন্দোলন করে সরকার হটাতে ব্যর্থতার পর বিএনপি চেয়ারপারসন গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সংলাপ ডাকার আহ্বা জানিয়ে সরকারের ‘শুভবুদ্ধি’র আশা প্রকাশ করেন।
আশরাফ বলেন, “খালেদা জিয়া ভাংচুর পরিহার করলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে। পরিবেশ না থাকলে কোনো আলোচনা ফলপ্রসূ হয় না। যুদ্ধের সময় কোনো আলোচনা হয় না।”
‘জঙ্গি-সন্ত্রাসীদের সঙ্গে সংলাপ নয়’
এদিকে গোপালগঞ্জে এক সভায় সংলাপের সম্ভাবনা নাকচ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেন, “জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীদের সঙ্গে কোনো আলোচনা হবে না। তাদের সঙ্গে জাতীয় ঐক্যের কোনো সম্ভাবনা নেই।”
খালেদা জিয়াকে ‘আল কায়েদা, জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাবাদী নেত্রী’ বলেও আখ্যা দেন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই সেলিম।
সোমবার টুঙ্গীপাড়া হেলিপ্যাড মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার পাশাপাশি আওয়ামী লগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফও সংলাপের সম্ভাবনা নাকচ করে বক্তব্য দেন।
শেখ সেলিম দশম সংসদ নির্বাচনের আগে আলোচনায় আসতে প্রধানমন্ত্রীর ফোন প্রত্যাখ্যানের ঘটনার কথাও মনে করিয়ে দেন।
২০১৯ সালের একাদশ সংসদ নির্বাচন সাংবিধানিক ভাবেই হবে জানিয়ে তিনি বলেন, “সে নির্বাচনে কোনো ‘জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারী সংগঠন অংশ নিতে পারবে না।”
বিএনপি এ ধরনের সংগঠন হিসেবে প্রমাণিত হলে তাদেরও নির্বাচনে অংশ নিতে না দেওয়ার কথাও বলেন শেখ সেলিম।
