পৌর নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার ইঙ্গিত
আসন্ন পৌরসভা নির্বাচনে বিএনপি অংশ নিতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শনিবার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নে বলেন, “পৌরসভা নির্বাচনের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত এখনও নেইনি। দলীয় ফোরামে একটা সিদ্ধান্ত হবে।
“আমি আশা করছি, আমাদের নেত্রী খুব শিগগির ফিরে আসবেন এবং এ বিষয়ে আমরা একটি বাস্তবমুখী সিদ্ধান্ত নেব। খুব সম্ভবত আমরা নির্বাচনে যাব।”
লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া কবে ফিরবেন- জানতে চাইলে মওদুদ বলেন, “আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি- কখন আমাদের নেত্রী চিকিৎসা শেষ করে সুস্থভাবে আমাদের মাঝে ফিরবেন।”
দশম সংসদ নির্বাচন বর্জন করলেও স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। সর্বশেষ এই বছর সিটি করপোরেশন নির্বাচনে দলটি অংশ নিলেও ভোটগ্রহণের মাঝ পথে কারচুপির অভিযোগ তুলে বর্জন করে।
তবে আইন সংশোধন হওয়ায় ডিসেম্বরে অনুষ্ঠেয় পৌর নির্বাচনের আঙ্গিক হবে ভিন্ন। বিএনপি অংশ নিলে তার দলের প্রার্থী দলীয় প্রতীক অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়েই লড়বে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া জাতীয় সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনাও করেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য।
“কে কী বলল, আসে যায় না। আমরা চেষ্টা করছি, বাংলাদেশের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করতে।”
১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রসঙ্গ তুলে মওদুদ বলেন, “সেদিন ইতিহাসের এক ক্রান্তিলগ্নে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে যে সরকার এসেছিল সেই সরকার জিয়াউর রহমানের নেতৃত্বে একদলীয় সরকারের পরিবর্তে বহুদলীয় সরকারের প্রবর্তন করে।
“আজকের প্রেক্ষাপটে শুধু এটুকু বলা প্রয়োজন, আমরা সে গণতন্ত্র ফিরে পেতে চাই। যে গণতন্ত্রের চর্চা আমরা করেছি গত ২০ বছর। এখন দেশে গণতন্ত্র নেই, রাজনীতিও নেই। যেটা আছে সেটা অত্যন্ত নিয়ন্ত্রিত। এজন্য বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেনি।”
জিয়ার কবরে ফুল দেওয়ার সময় মওদুদ ছাড়াও ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, শামসুজ্জামান দুদু, শামা ওবায়েদ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান প্রমুখ।
দিবসটি উপলক্ষে এর আগে সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে আসতে থাকেন। সেখানে তারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানান।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে একটি অভ্যুত্থান হয়; জিয়া হন গৃহবন্দি।
৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। আর এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক।
বিএনপি এই দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসাবে পালন করে।
