নতুন কোনো ভয়ঙ্কর খেলা চলছে, শঙ্কা কামরুলের
দুই বিদেশি খুন ও শিয়া সমাবেশে বোমা হামলার রেশ কাটতে না কাটতেই ঢাকায় দিনেদুপুরে নিজের অফিসে প্রকাশক খুন হওয়ার পিছনে ‘ভয়ঙ্কর’ কিছু রয়েছে কি না সে শঙ্কা প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার শাহবাগে জাগৃতি প্রকাশনীর মালিক দীপনকে কুপিয়ে হত্যা এবং লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে এর কর্ণধারসহ তিনজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
এ প্রসঙ্গে আলোচনায় রোববার এক সভায় কামরুল ইসলাম বলেন, “আমি কাল থেকে বিচলিত, অসম্ভব বেদনার মধ্যে আছি। হিসাব মিলাবার চেষ্টা করছি। কোন হিসাব মিলাতে পারছি না।
“কেন এই সকল হত্যাকাণ্ড? কেন এত ষড়যন্ত্র?”
যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করে সরকারের এই মন্ত্রী বলেন, “যে দেশটি বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বিরুদ্ধে ছিল, এখন আবার আমাদের সাথে জঙ্গিবাদের বিপক্ষে সুর মিলিয়ে কথা বলে।
“আবার নতুন করে কোনো ভয়ঙ্কর খেলায় মত্ত হচ্ছে কি না? কোনো উত্তর খুঁজে পাচ্ছি না।”
জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আলোচনা সভায় বক্তব্য দেন কামরুল।
বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঐক্যের আহ্বানের কথা তুলে ধরে আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “তিনি বার বার ঐক্যের কথা বলেন কিন্তু সত্যিকারের ঐক্য গড়তে হলে যারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেন তাদের বাদ দিয়ে মুক্তিযুদ্ধের সব পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই পশু শক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে।”
জামায়াতে ইসলামী এখন জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে একাকার হয়ে গেছে বলে দাবি করেন কামরুল ইসলাম।
সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, আয়োজক সংগঠনের সভাপতি চিত্রনায়ক ফারুক বক্তব্য দেন।
