২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ধর্মান্ধদের ছাড় দেওয়ায় শিয়াদের ওপর হামলা’

রাজনৈতিক স্বার্থে ধর্মান্ধ গোষ্ঠীকে দীর্ঘদিন ধরে ‘ছাড়’ দেওয়ার ফলশ্রুতিতে শিয়াদের ওপর হামলার ঘটনা ঘটেছে মনে করেছে সিপিবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2015, 12:46 AM

Updated : 22 Aug 2022, 01:39 PM

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন বলেন, “শিয়াদের তাজিয়া মিছিলে বোমা হামলা কোনো আকস্মিক বিষয় নয়।

“দীর্ঘদিন ধরে ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠীর প্রতি সরকারের নরম আচরণের ফলাফল এই ঘটনা। সব সময় তাদের ছাড় দেওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।”

হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির এই নেতা।

আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতি চলাকালে শনিবার ভোররাতে পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় শিয়াদের সমাবেশে বোমা হামলা হয়। এতে একজন নিহত এবং শতাধিক আহত হন।

সমাবেশে উপস্থিত বাসদের কেন্দ্রীয় কমিটির নেতা রাজেকুজ্জামান রতন বলেন, “কিছুদিন আগে বিএনপি বলল, দেশে জঙ্গি নেই। সেই সাথে তাল মিলিয়ে সরকারও বলল, জঙ্গি নেই।

“জঙ্গি নেই তো এগুলো করছে কারা? আমরা শুনি, আমাদের দেশে ১৪টি গোয়েন্দা সংস্থা আছে। তাদের কাজটা কী? কী করে তারা? জনগণের ট্যাক্সের টাকায় তো তাদের বেতন দেওয়া হচ্ছে।”

হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে গার্মেন্ট শ্রমিক নেতা মন্টু ঘোষ বলেন, “এদের খুঁজে বের করা ও গ্রেপ্তারের দায়িত্ব সরকারের। আমাদের দাবি একটাই, সরকার যেন অবিলম্বে তার দায়িত্ব পালন করে।”

সমাবেশে অন্যদের মধ্যে সিপিবি নেতা আহসান হাবিব লাভলু, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজসহ উপস্থিত ছিলেন।