শ্রমজীবীদের বেতন বাড়াটা আরও যৌক্তিক: সিপিবি
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর বেতন বাড়ানোর ক্ষেত্রে যে যুক্তি সরকারের পক্ষ থেকে দেখানো হয়েছে, তা শ্রমজীবী মানুষদের জন্য ‘আরও যৌক্তিক’ হলেও তাদের নিয়ে সরকারের উদাসীনতায় ক্ষোভ জানিয়েছে সিপিবি।
সরকারি চাকুরেদের পর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতিসহ সাংবিধানিক বিভিন্ন পদের বেতন-ভাতা বৃদ্ধির সরকারি সিদ্ধান্তে উদ্বেগও জানিয়েছে দলটি।
মঙ্গলবার এক বিবৃতিতে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেছেন,এর প্রভাবে জীবনযাত্রার ব্যয় বেড়ে গিয়ে প্রকৃত আয় কমে যাবে শ্রমজীবীদের, যাদের বেতন কিংবা মজুরি বাড়েনি।
সোমবার মন্ত্রিসভা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি ও সংসদ সদস্যদের বেতন ভাতা বাড়াতে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবের অনুমোদন দেয়।
সরকারে পক্ষ থেকে বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে হারে বেতন বাড়ানো হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই বিভিন্ন সাংবিধানিক পদের বেতনের সঙ্গে সঙ্গে তাদের ভাতাও বাড়ানো হচ্ছে।
সিপিবির বিবৃতিতে বলা হয়, “এটাকে যদি বেতন-ভাতা বৃদ্ধির যুক্তি হিসেবে ধরে নিতে হয়, তবে শ্রমজীবী মানুষের বেতন-ভাতা বৃদ্ধির ক্ষেত্রে হাজারো যুক্তি আছে।”
বাংলাদেশের মোট ৬ কোটি ১০ লাখ শ্রমশক্তির মধ্যে সরকারি সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২১ লাখ- এই তথ্য তুলে ধরে সিপিবি বলেছে, “বাকি সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি সরকার বারবার এড়িয়ে যাচ্ছে।
“সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সাথে সঙ্গতি রেখে যদি শ্রমজীবী মানুষেরও বেতন-ভাতা নির্ধারণ করতে হয়, তবে তা কয়েক গুণ বৃদ্ধি করতে হবে।”
সিপিবি অবিলম্বে জাতীয় মজুরি নির্ধারণ করে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর দাবিও করেছে।
“সার্বিকভাবে দেশের মজুরি কাঠামোর জন্য একটি ন্যূনতম মানদণ্ড তৈরি করা প্রয়োজন। বার বার দাবি জানানো সত্ত্বেও ন্যূনতম জাতীয় মজুরি নির্ধারণ করা হচ্ছে না। বেসরকারি খাতের সংখ্যাগরিষ্ঠ শ্রমজীবী মানুষের অর্থনৈতিক নিরাপত্তার জন্য অবিলম্বে ন্যূনতম জাতীয় মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।”
গৃহশ্রমিক থেকে শুরু করে সব ধরনের শ্রমজীবী মানুষকে জাতীয় মজুরি কাঠামোর আওতায় আনার আহ্বানও জানায় বাম দলটি।
