২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার নেতৃত্বে আন্দোলন চলবে: নজরুল

বিএনপি ‘সত্যিকারের’ গণতন্ত্রের জন্য লড়াই করছে জানিয়ে দলটির নেতা নজরুল ইসলাম খান বলেছেন, খালেদা জিয়ার নেতৃত্বে সে আন্দোলন চলবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2015, 02:42 PM

Updated : 22 Aug 2022, 01:32 PM

শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

নজরুল বলেন, “আমরা সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি। সেই গণতন্ত্র অর্জিত না হওয়া পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের আন্দোলন চলবে।”

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। দল গুছিয়ে এই আন্দোলন শুরুর ঘোষণা রয়েছে তাদের।

কোরবানির ঈদের আগে খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে দল গোছানোর নির্দেশ দিয়ে যান। তার আসার দিন-ক্ষণ এখনও ঠিক হয়নি।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে নজরুল বলেন, “তারা (সরকার) এমনই নির্বাচন করলেন, শুধু দলীয় সরকার নয়, দলীয় সংসদ সদস্যদের বহাল রেখে নির্বাচন করলেন। আমরা, মামুরা ভাগাভাগি করে ১৫৩টা আসন নিয়ে নেওয়া হল।

“কেউ প্রত্যাহার করলেও তার সদস্যপদ বহাল। এরশাদ সাহেব জনসমক্ষে বলে নাই- আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করলাম। অথচ এমন এক দুর্বল নির্বাচন কমিশন যে তারপরও তারটা তারা বহাল রাখল।”

ওই নির্বাচনের মধ্য দিয়ে সৃষ্ট সঙ্কট উত্তরণে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা।

জিয়া পরিবারের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ সমালোচনা করে নজরুল বলেন, “কীসের সমালোচনা করেন আপনারা?

“সন্ত্রাসী রাজনীতির সমালোচনা করবেন জাসদকে সাথে নিয়ে, স্বৈরাচারের সমালোচনা করবেন স্বৈরাচারকে পাশে বসিয়ে। এমনকি জামায়াতকে সাথে নিয়েও তারা (আওয়ামী লীগ)কাজ করেছেন। ইসলামী দলগুলোর সঙ্গে ফতোয়া চুক্তি করেছেন তারা।”

বিএনপির সহসভাপতি প্রয়াত আফসার আহমদ সিদ্দিকীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানে নজরুল ছাড়াও বক্তব্য রাখেন প্রয়াতের জাহানারা সিদ্দিকী, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, হাবিবুর রহমান হাবিব, খোরশেদ মিয়া আলম।