২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বাসনা পূরণ হয়নি: সুরঞ্জিত

লন্ডন সফরে খালেদা জিয়ার ‘বাসনা’ পূরণ হয়নি মন্তব্য করে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তিনি শূন্য হাতেই দেশে ফিরবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 01:18 PM

সোমবার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগের এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়া ব্রিটিশ সরকারের দুই-চার জন নেতার সঙ্গে সাক্ষাতের মনবাসনা নিয়ে গেলেও সেই আশা পূরণ হয়নি। তিনি শূন্য হাতেই লন্ডন থেকে দেশে ফিরবেন।”

দেশে ফিরে অতীতের হটকারী সিদ্ধান্ত, জ্বালাও পোড়াও আর সন্ত্রাসীকর্মকাণ্ড বাদ দিয়ে খালেদা দেশ গড়ার কাজে প্রধানমন্ত্রীকে সহাযোগিতা করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের না আসার ঘোষণার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিশ্ব দরবার থেকে দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসেন তখন ক্রিকেট অস্ট্রেলিয়ার না আসার ঘোষণা ষড়যন্ত্রের আলামতও হতে পারে।

“শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন, যা বাংলাদেশের যে কোনো রাষ্ট্রপ্রধানের জন্য সর্বোচ্চ অর্জন। কিন্তু এই সময়ে ক্রিকেট নিয়ে যা শুরু হয়েছে তা বাঙালিদের হতবাক করেছে।”

তিনি বলেন, “বাংলাদেশে ক্রিকেট নিয়ে কখনো সহিংসতা হয়নি। কোনো দুর্ঘটনা হয়নি। এ দেশ গণতান্ত্রিক। যে কোনো কিছু মোকাবেলা করার জন্য আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। তাই ক্রিকেট অস্ট্রেলিয়া আন্তঃক্রিকেটীয় কোনো রাজনীতির পথে বাংলাদেশকে ঠেলে না দিয়ে তাদের সফরের বিষয় পুনঃবিবেচনা করবে বলে আশা করছি।”

এসময় বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়েও বিস্ময় প্রকাশ করেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।

“কেন এই সিদ্ধান্ত অতি পাকিস্তান দরদি নাকি আন্তঃক্রিকেটীয় রাজনীতি? কোন পিচ্ছিল পথে আমাদের ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্টরা পা দিচ্ছেন তা বোধগম্য নয়।”

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বিভাগীয় শাখার সভাপতি মাকসুদুর রহমান মাকসুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ইনামুল হক, মনরঞ্জন ঘোষাল, অরুণা বিশ্বাস, অরুণ সরকার রানা প্রমুখ।