২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের মামলায় তদন্ত প্রতিবেদন ‘যুক্তিহীন’: বিএনপি

রাষ্ট্রের বিরুদ্ধাচারণের মামলায় তারেক রহমানের বিরুদ্ধে পুলিশের তদন্ত প্রতিবেদন দেওয়া ‘যুক্তিসঙ্গত হয়নি’ বলে মনে করছে তার দল বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2015, 03:59 PM

Updated : 22 Aug 2022, 01:16 PM

বুধবার দুপুরে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, “বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এই অভিযোগ আনা কোনোভাবে যুক্তিযুক্ত হয়নি। আমরা এই প্রক্রিয়ার বিরোধিতা করছি এবং নিন্দা জানাচ্ছি।”

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক গত বছরের ১৯ অক্টোবর দণ্ডবিধির ১২৩ এর (ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধাচারণের অভিযোগে মুখ্য মহানগর হামিক আদালতে তারেকের বিরুদ্ধে এই মামলা করেন।

মামলার আর্জিতে বলা হয়, গত বছরের ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলের এক সভায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করে বক্তৃতা করেন তারেক, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ।

বক্তৃতায় বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে। এ ধরনের কটূক্তি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার সামিল বলে আর্জিতে উল্লেখ করা হয়।

বেশকিছু মামলায় পরোয়ানা মাথায় নিয়ে তারেক বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে অবস্থান করছেন।

রাষ্ট্রের বিরুদ্ধাচারণের ওই মামলায় গত রোববার আদালতে তদন্ত প্রতিবেদন দেয় গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান রিপন বলেন, সরকার ‘হয়রানির’ জন্যই তারেকের বিরুদ্ধে এই মামলার ‘ব্যবস্থা’ করেছে বলে বিএনপি মনে করে। 

“তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন, তা তিনি নিজে থেকে কিছু বলেননি। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পূর্বাপর পরিস্থিতির ওপর প্রকাশিত বিভিন্ন নিবন্ধ, পুস্তক ও রেফারেন্স দিয়ে বক্তব্য রেখেছিলেন।

“এর পরিপ্রেক্ষিতে যদি মামলা হয় ও সেডিশন চার্জ গঠন হয়, তাহলে ওইসব নিবন্ধ ও পুস্তকের লেখকের বিরুদ্ধেই হওয়া বাঞ্ছনীয় ছিল।”

রিপন অভিযোগ করেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার নয় বলেই রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে প্রশাসনিকভাবে হয়রানি ও আইনের বেআইনি প্রয়োগের অপচেষ্টা করছে।’’

সরকারকে গভীরভাবে ‘জাতীয় ঐক্য প্রক্রিয়ার কথা’ ভাবার আহ্বান জানান এই বিএনপি নেতা।

অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনের ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন এবং যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

তারেকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন
পলাতক তারেকের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা