২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন

তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধাচারণের অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 09:31 PM

Updated : 22 Aug 2022, 01:15 PM

রোববার বিকালে গোয়েন্দা পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের কাছে ওই প্রতিবেদন দাখিল করেন।

এ আদালতের পেশকার কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিচারক আগামী ৮ নভেম্বর এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য দিন রেখেছেন।

গত বছরের ১৯ অক্টোবর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক দণ্ডবিধি ১২৩ এর (ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধাচারণের অভিযোগে মুখ্য মহানগর হামিক আদালতে একটি মামলা করেন।

মামলার আর্জিতে বলা হয়, গত বছরের ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলের এক সভায় জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অভিহিত করে বক্তৃতা করেন, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ।

বক্তৃতায় বঙ্গবন্ধুকে ‘পাকবন্ধু’ বলেন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক।

এ ধরনের কটূক্তি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করার সামিল বলে আর্জিতে উল্লেখ করা হয়।

সেসময় বিচারক সরকারের আনুমোদন সাপেক্ষে সহকারী কমিশনারের নিচে নয় এমন কর্মকর্তাকে দিয়ে মামলার অভিযোগ তদন্ত করার জন্য গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছিলেন।

এরই ধারাবাহিকতায় তদন্ত শেষে রোববার প্রতিবেদন জমা দেন গোয়েন্দা পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা।  

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমান গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে প্রায় এক ডজন দুর্নীতির মামলা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে পরের বছরের সেপ্টেম্বর মাসে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তিনি।

স্ত্রী-সন্তান নিয়ে তখন থেকে সেখানেই রয়েছেন তারেক।

দণ্ডবিধি ১২৩ এর (ক) ধারায় রাষ্ট্রের বিরুদ্ধাচারণের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দশ বছর কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে।

পুরনো খবর:

তারেকের রাষ্ট্রদ্রোহের অভিযোগ তদন্তের নির্দেশ
তারেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা