দুই নেত্রীকে এরশাদের ঈদকার্ড
যাদের সম্মিলিত নেতৃত্বের আন্দোলনে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলেন, সেই শেখ হাসিনা ও খালেদা জিয়াকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন এইচ এম এরশাদ।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীকেও ঈদ কার্ড পাঠানো হয়েছে বলে এরশাদের ব্যক্তিগত সচিব মঞ্জুরুল ইসলাম জানিয়েছেন।
তিনি সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং স্পিকারের দপ্তরে স্যারের পক্ষ থেকে ঈদকার্ড পাঠানো হয়েছে। দুপুরের দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে (ঈদকার্ড) পৌঁছে দেওয়া হয়।”
হুসেইন মুহম্মদ এরশাদ, ফাইল ছবি
রাষ্ট্রপতির পক্ষে তার প্রটোকল কর্মকর্তা শেখ রাসেল হাসান এবং স্পিকারের পক্ষে তার প্রটোকল কর্মকর্তা এম এ কামাল বিল্লাহ কার্ড নেন।
বরাবরের মতো এবারও কোরবানির ঈদ রংপুরে পৈত্রিক বাড়িতে করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ।
আগামী বুধবার তিনি ঢাকা ছাড়বেন। কবে ফিরবেন, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানান মঞ্জুরুল।
এরশাদের সঙ্গে তার স্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ রংপুর যাবেন কি না, সে বিষয়েও কোনো সিদ্ধান্তের কথা জানাতে পারেননি এরশাদের ব্যক্তিগত সচিব।
