২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ‘ছদ্মবেশী বাকশালী’ শাসন চলছে: হান্নান শাহ

বাংলাদেশে ‘ছদ্মবেশ পরিয়ে বাকশালী’ শাসন ব্যবস্থা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 08:22 PM

Updated : 22 Aug 2022, 01:14 PM

শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “অতীতের একদলীয় বাকশালের সঙ্গে বর্তমান সরকারের শাসনের কোনো তফাৎ নেই। তারা বাকশালকে শুধু বোরকা পরিয়ে আমাদের সামনে হাজির করেছে। এটা বোরকা পরা বাকশালের শাসন।”

তিনি বলেন, সরকার বিদ্যুতের দাম বাড়ালো, গ্যাসের দাম বাড়ালো। তারা কী জনগণকে জিজ্ঞাসা করেছে? তারা গণতন্ত্র বিশ্বাসই করে না।

জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জিয়া পরিষদ এই আলোচনা সভার আয়োজন করে।

বর্তমান সরকারকে ‘ভীত ও দুর্বল’ আখ্যা দিয়ে হান্নান শাহ বলেন, “তারা নিবার্চনকে ভয় পায়। তারা জনগণ নয়, পেশিশক্তির বলে ক্ষমতা ধরে রাখতে চায়।”

আওয়ামী লীগ সরকার বিএনপিপন্থি নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণে ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি।

সরকার দলীয় অঙ্গ সংগঠনের কর্মীদের সাড়ে সাত হাজারের বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছে দাবি করে হান্নান শাহ বলেন, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ক্যাডারদের এসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে।

“ওইসব অস্ত্র বিএনপি দমনের কাজে ব্যবহার করা হচ্ছে বলে পত্র-পত্রিকায় খবর বেরিয়েছে। এজন্য একদিন সরকারকে জবাবদিহি করতে হবে।”

ঈদুল আজহায় কোরবানির গরুর ট্রাক থেকে ক্ষমতাসীন দলের লোকজন চাঁদা আদায় করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

খালেদা জিয়ার লন্ডন সফর

বিএনপি নেত্রী খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে হান্নান শাহ বলেন, “চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন গেছেন। উনার ছোট ছেলে মারা গেছেন; আরেক ছেলে বহুদিন ধরে বিদেশে। আমরা আত্বীয় স্বজনের সঙ্গে ঈদ করতে যাই। উনিও তো মানুষ। পরিবারের সঙ্গে ঈদ করবেন।”

মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপনে লন্ডনে যান।

দলীয় প্রধানের লন্ডন সফরে ‘বিএনপি ও দেশ’ লাভবান হবে দাবি করে হান্নান বলেন, “রাজনীতিবিদ হিসেবে এই সফরকে দেখি এভাবে- আগামী দিনে দলের অভ্যন্তরীণ সংস্কার নিয়ে বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যানের আলোচনা হবে।”

সংগঠনের সহসভাপতি আবদুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের মোহাম্মদ শফিকুল ইসলাম, মো. এমতাজ হোসেন, দেওয়ান মাহফুজুর রহমান ফরহাদ, মো. বাহাউদ্দিন বাহারসহ অন্যরা বক্তব্য রাখেন।