২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি শামসুদ্দিনের পদক্ষেপ বিচার বিভাগের উপর আঘাত: বিএনপি

প্রধান বিচারপতি এস কে সিনহাকে অভিশংসনে তার সহকর্মী বিচারপতি শামসুদ্দিন আহমেদ চৌধুরীর পদক্ষেপকে বিচার বিভাগের উপর আঘাত বলে মনে করছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2015, 06:56 PM

Updated : 25 Apr 2022, 01:52 PM

বুধবার এক সংবাদ সম্মেলনে এনিয়ে উদ্বেগও জানিয়ে দলটির মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, এতে দেশের মানুষ স্তম্ভিত হয়েছে।

প্রধান বিচারপতির অভিশংসনের উদ্যোগ নিতে সম্প্রতি রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান আপিল বিভাগের বিচারক শামসুদ্দিন চৌধুরী। তার দাবি,তার সঙ্গে আচরণের মধ্য দিয়ে বিচারপতি শপথ ভঙ্গের মতো কাজ করেছেন।

নয়া পল্টনে সংবাদ সম্মেলনে রিপন এই প্রসঙ্গটি তুলে বলেন, “প্রধান বিচারপতি ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান। দেশের ইতিহাসে আগে কখনও কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে এ জাতীয় অভিযোগ উত্থাপিত হয়নি।

“এটা একটা খারাপ নজির সৃষ্টি করেছে। প্রধান বিচারপতি সম্পর্কে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের এহেন মন্তব্য বিচার ব্যবস্থার উপর বড় মাপের আঘাত সৃষ্টি করেছে বলে আমরা মনে করি।”

সংবিধানের ষোড়শ সংশোধনের পর এখন বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর চিঠি পাঠানো নিয়েও প্রশ্ন তোলেন রিপন। 

“বিচারপতিদের ইম্পিচের বিষয়টি সংসদের কাছে জেনেও শামসুদ্দিন আহমেদ চৌধুরী তার অভিযোগটি স্পিকারের কাছে না পাঠিয়ে রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন। এতেই প্রতীয়মান হয় যে প্রধান বিচারপতিকে ইম্পিচ করা তার লক্ষ্য ছিল না। তার লক্ষ্য- প্রধান বিচারপতিকে ম্যালাইন করা, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করা। প্রধান বিচারপতি সম্পর্কে অভিযোগের কালিমা লেপন করে বিচার প্রার্থীদের মধ্যে শঙ্কা জাগিয়ে তোলা।

“ভদ্রলোক (বিচারপতি শামসুদ্দিন) প্রধান বিচারপতি সম্পর্কে অভিযোগ সম্বলিত চিঠিটি সব জায়গায় পৌঁছিয়ে দিয়েছেন। আমরা মনে করি, বিষয়গুলো সরকার ও আইন মন্ত্রণালয়ের ভেবে দেখা উচিৎ। শুধু চোখ বুঝে থাকলে প্রলয় বন্ধ হয় না।”

“সরকারের ভেতরে এই ধরনের শামসুদ্দিন চৌধুরীর মতো এলিমেন্টস যথেষ্ট, অনেক অনেক বেশি রয়েছে। সরকারকে বলব, বিরোধী দলকে দমনের প্রয়োজন নেই। আপনাদের মধ্যে যেসমস্ত ব্ল্যাকশিপ রয়েছে, আপনাদের ক্ষতি করার জন্য তারাই যথেষ্ট।”

বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর কড়া সমালোচনা করে তার পেনশন আটকে দেওয়ার বিষয়ে প্রধান বিচারপতির  পদক্ষেপকে সমর্থনও জানান বিএনপি নেতা রিপন। 

সম্প্রতি নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে এক সংবর্ধনায় বিচারপতি শামসুদ্দিন চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ইতিহাস বিকৃতিমূলক বক্তব্য রেখেছেন বলেও দাবি করেন বিএনপি নেতা।

পুরনো খবর:

প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে বিচারপতি শামসুদ্দিনের চিঠি