রাজশাহীতে বিএনপির সাত নেতা আটক
রাজশাহীতে ‘গোপন বৈঠক’ থেকে জেলার বিএনপির সহ-সভাপতিসহ সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাইনুল হাসান পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য মনজুরে সাদাত বাবু, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ রাশু, নওহাটা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের সভাপতি মোজাম্মেল হক ও নওহাটা পৌরসভা ছাত্রদলের সভাপতি ছানারুল ইসলাম।
পবা থানার ওসি আলমগীর হোসেন বলেন, “নওহাটা পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে তারা গোপন বৈঠক করছিল। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
“এসময় রফিকুল পালিয়ে যায়। থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।”
আটক জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল আলম সমাপ্ত জানান, পৌরসভার ওয়ার্ড কমিটি গঠনের বিষয় নিয়ে সভাপতির বাড়িতে তাদের বৈঠক শেষে বের হলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।
তবে কেন তাদের আটক করা হয়েছে তা জানা নেই বলে জানান তিনি।
