২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জালিয়াতি করে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি, যুবলীগ নেতাকে বহিষ্কার

ফটোশপের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি বানিয়ে তা ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2015, 10:48 PM

Updated : 22 Aug 2022, 01:12 PM

দুই বছর আগে ফেইসবুকে ওই ছবি দেওয়ায় বহিষ্কৃত মাকসুদুর রহমান মাকসুদ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক।  ভোলা জেলার চরফ্যাশনের ছেলে মাকসুদ  ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক  নেতা।

যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রীর ছবির উপর সুপারইম্পোজিং করে ছবি দেওয়ার অভিযোগে সংগঠন থেকে মাকসুদকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।”

একইসঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে বলে জানান তিনি।