২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মির্জা আব্বাসে আপত্তি ‘প্রতিহিংসায়’: বিএনপি

সরকারের ‘রাজনৈতিক প্রতিহংসার’ কারণে ঢাকা ব্যাংকের পরিচালক হিসাবে মির্জা আব্বাসের পুনঃনিয়োগে কেন্দ্রীয় ব্যাংক আপত্তি তুলেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 06:38 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে বিএনপি নেতা মির্জা আব্বাসের অন্তর্ভুক্তিতে কেন্দ্রীয় ব্যাংকের আপত্তির নিন্দা জানান।

তিনি বলেন, “সরকার রাজনৈতিক উদ্দেশ্যে হিংসার পথ অবলম্বন করেছে। এটা রাজনীতি কিংবা রাজনৈতিক দলের মধ্যে আর সীমাবদ্ধ নেই।

“এখন বিরোধী রাজনৈতিক নেতা বা কর্মীরা কোন কোন আর্থিক প্রতিষ্ঠানে জড়িত, সেসব জায়গায় তারা হাত দেওয়া শুরু করেছে। তাদের ব্যবসা-বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তার উৎকৃষ্ট নজির হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকা ব্যাংকের পরিচালক পদে অনুমোদন না দেওয়া।”

শুধু ‘রাজনৈতিক প্রতিহিংসা’ চরিতার্থ করার জন্যই এটা করা হয়েছে বলে অভিযোগ করেন রিপন।

সরকারের এ ধরনের কর্মকাণ্ডে ব্যবসা-বাণিজ্যসহ দেশের সার্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন বিএনপির মুখপাত্র।

আত্মগোপনে থাকায় এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় অনুপস্থিত থাকার কারণে বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাসকে ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পুনঃনিয়োগে আপত্তি জানায় বাংলাদেশ ব্যাংক। 

২০১২ সালের ২৯ মার্চ মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদে তিন বছর মেয়াদে পরিচালক হিসেবে নির্বাচিত হন। সে অনুযায়ী গত ২৯ মার্চ তার মেয়াদ শেষ হয়েছে।

গত ২১ মে মির্জা আব্বাসকে আগামী তিন বছরের জন্য পুনরায় পরিচালক নিয়োগ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠানো হলে বেঁকে বসে কেন্দ্রীয় ব্যাংক।

গত ছয় বছরে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোয় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদে রাজনৈতিক বিবেচনায় পরিচালক নিয়োগ দিয়ে অর্থ লুটপাটের বিষয়ে ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন রিপন।

তিনি বলেন, “বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন শেখ আবদুল হাই বাচ্চু। তিনি এই ব্যাংকটিকে ফোকলা করে ছাড়লেন। ১০০০ কোটি টাকা লুটপাট হয়ে গেল, শুধু তার সিদ্ধান্তের কারণে। এখন এই ব্যাংককে টিকিয়ে রাখতে জনগণের টাকা দিয়ে পুনঃঅর্থায়ন করা হচ্ছে।

“একইভাবে সোনালী, জনতা ব্যাংক লোকসানের মধ্যে। যেসব ব্যাংক লোকসানের মধ্যে পড়ল, তাদের ব্যবস্থাপনা পরিচালককে কেবল স্বপদে বহালই রাখা হয়নি, পুনঃনিয়োগও দেওয়া হয়েছে।’’

এই সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক সাংসদ আবদুল হাই, জহিরুল হক শাহজাদা মিয়া, নিলোফার চৌধুরী মনি ও মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ উপস্থিত ছিলেন।