২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামীম ওসমানের আইভীবিরোধী সমাবেশে ২৬ কাউন্সিলর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ব্যাপক ‘দুর্নীতির’ প্রতিবাদে এক সমাবেশে যোগ দিয়েছেন ২৬ জন কাউন্সিলর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2015, 12:34 AM

Updated : 12 Oct 2022, 04:12 PM

নগরীর ডিআইটি বাণিজ্যিক এলাকায় ‘নারায়ণগঞ্জের সচেতন নাগরিক’ ব্যানারে রোববার আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।

২০১১ সালের ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আইভীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন তিনি।

ওই নির্বাচনে আইভীর কাছে পরাজিত এবং বর্তমানে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানসহ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন এই সমাবেশে।

আইভীর এক সময়ের ঘনিষ্ঠ আনোয়ার বলেন, “এই সমাবেশে সভাপতিত্ব করা আমার জন্য বিব্রতকর এবং অস্বস্তিকর। চার বছর আগে সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে আইভীর পক্ষ হয়ে নির্বাচন করেছিলাম।

“পুরস্কার হিসেবে পেয়েছি তিরস্কার ও ভর্ৎসনা। ভোটের পর মানুষের কাছে আইভী বলেছে, আমরা নাকি টাকার জন্য তার নির্বাচন করেছি!”

“আইভীর হয়ে নির্বাচন করেছি বলে তার দুর্নীতি মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। কেউ দুর্নীতি করলে আমরা তার সঙ্গে নেই। মেয়র দুর্নীতি করে থাকলে আমরা ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেব,” বলেন ক্ষমতাসীন দলের এই নেতা।

সমাবেশে উপস্থিত ২৬ কাউন্সিলরের সবাই অভিন্ন সুরে বলেন, সিটি করপোরেশনে তাদের মত প্রকাশের স্বাধীনতা নেই। গত ৪ বছরে তারা নিজ নিজ এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারেননি।

সমাবেশে মঞ্চের ডান পাশে প্রতীকী একটি জনতার আদালত তৈরি করে তাতে মেয়র আইভী ও তার সমর্থক ঠিকাদার আবু সুফিয়ানের মূর্তি একটি কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখা হয়। অন্য একটি কাঠগড়ায় দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তার প্রতীকী মূর্তি রাখা হয়। কাঠগড়ার মধ্যখানে বিচারকের একটি প্রতীকী আসন খালি অবস্থায় রাখা হয়।

এছাড়া সমাবেশে আগতরা মেয়র আইভীর বিভিন্ন ব্যাঙ্গাত্মক ফেস্টুন বহন করেন। অনেকে আবার মেয়র আইভী সেজে প্রতীকী ফাঁসির মঞ্চে দাঁড়ান। অনেক নারীর হাতে ঝাড়ুও দেখা যায়।

এই সমাবেশকে কেন্দ্র করে আশপাশের স্থানসহ শহরের বিভিন্ন স্থানে মেয়র আইভীর ‘দুর্নীতির’ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং আইভীর ছবি দিয়ে তৈরি বিশাল বিশাল ফেস্টুন লাগানো হয়েছিল।

সমাবেশের মূল মঞ্চের ব্যানারে লেখা ছিল- ‘দুনীতি কারো কাম্য নয়। আইভীর বেসামাল দুর্নীতিতে আমরা নারায়ণগঞ্জবাসী লজ্জিত’।

লজ্জা থাকলে পদত্যাগ করুন: শামীম

সমাবেশে বক্তব্যে আওয়ামী লীগ নেতা শামীম ওসমান মেয়র আইভীর ‘দুর্নীতির’ খতিয়ান তুলে ধরে তাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। 

“এ সমাবেশে ২৬ জন কাউন্সিলর উপস্থিত রয়েছে। এমনিতেই অনাস্থা হয়ে যায়। লজ্জা থাকলে পদত্যাগ করুন। আর ক্ষমা চেয়ে লুট করা টাকা ফেরত দেন।”

নারায়ণগঞ্জ আওয়ামী লীগে প্রভাবশালী দুই পরিবারের এই দুই সদস্যের বিরোধ বেশ পুরনো। সমাবেশে পাল্টাপাল্টি বক্তব্যের পাশাপাশি টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে তুমুল তর্কাতর্কিতেও জড়াতে দেখা গেছে তাদের। 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত নির্বাচনে আওয়ামী লীগ শামীমকে মনোনয়ন দিলে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়ে বিজয়ী হন আইভী।

তারপর থেকে সিটি করপোরেশনে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে আসছেন শামীম।

এই সংসদ সদস্য বলেন, “সংসদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিষয়ে মাত্র দুটি তথ্য জানতে চেয়েছি। দুটি প্রশ্নেরই মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। যখন সংসদকে বললাম এগুলো সত্য নয়, তখন তদন্ত কমিটি করা হল।

“স্থানীয় সরকার মন্ত্রণালয়ের গঠিত ওই কমিটি ৪ মাস তদন্ত শেষে রিপোর্ট দিল সিটি করপোরেশনের বিরুদ্ধে দুর্নীতি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ওই ফাইল পাঠানো হল দুদকে।”

“নিজের দুর্নীতি প্রমাণিত হওয়ায় তা থামাতে মেয়র আইভী এখন ঢাকায় দৌড়-ঝাঁপ শুরু করেছেন। তিনি কখন, কোথায় কোন মন্ত্রণালয়ে, কোন সচিবের কাছে যাচ্ছেন, সব খবর আমার কাছে রয়েছে,” বলেন শামীম।

মেয়র আইভীকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনার দুর্নীতির সুষ্ঠু তদন্ত হতে দিন। তা না হলে জনতার আদালতে বিচার হবে। আর জনতার আদালত হবে ভয়ঙ্কর।”

সিটি করপোরেশনের আগামী নির্বাচনে আইভীকে চ্যালেঞ্জ ছুড়ে শামীম বলেন, “নেত্রীর (শেখ হাসিনা) সঙ্গে এবং নারায়ণগঞ্জের মানুষের সঙ্গে কথা বলে এমন প্রার্থী দিব, যে হবে যোগ্য ও সৎ।

“এক বাপের মেয়ে হলে সে যেন আগামীতে নির্বাচনে অংশ নেয়। নির্বাচন করলে দেখব আপনার বাক্সে কত ভোট পড়ে।”