২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজাজ ‘গরম’ তথ্যমন্ত্রীর

মেজাজ গরম হয়ে আছে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর, এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 11:40 PM

Updated : 25 Apr 2022, 01:49 PM

“মেজাজ গরম কেন? কারণ খালেদা নির্বাচনের পাঁয়তারা করছে, এজন্য মাথা গরম। কারণ জঙ্গিবাদীরা এখনও আত্নসমর্পণ করেনি।”

রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনে গিয়ে আলোচনা সভায় একথা বলেন জাসদ সভাপতি ইনু।

তিনি বলেন, “যে যুদ্ধ চলছে, এর পরিসমাপ্তির জন্য আরেকটি ১৬ ডিসেম্বর দরকার। শেখ হাসিনার নেতৃত্বে সে যুদ্ধ চলছে। এ যুদ্ধে বিজয়ী হলে আমরা নিঃশ্বাস ফেলতে পারব। এ বিজয় এমনভাবে করতে হবে যেন আর কোনোদিন ১৫ অগাস্ট, ২১ অগাস্ট না আসে।

“এটি যুদ্ধের শেষ পর্ব, এর নিষ্পত্তি প্রয়োজন। এতে কোনো মিটমাট নাই। এতে আমরাও ধ্বংস হয়ে যেতে পারি কিংবা ওরা ধ্বংস হবে। তবে এ পর্যন্ত আমরা এগিয়ে আছি।”

বক্তৃতার সময় তথ্যমন্ত্রীর পেছনে ছাত্রলীগ ও জাসদ ছাত্রলীগের শীর্ষ তিন নেতা দাঁড়ালে তাদের সরিয়ে দেন জাসদ সভাপতি।

“এখানে দাঁড়াবেন না। শেখ হাসিনা বক্তৃতা দিতে দাঁড়ালে এমপিরা দারোয়ানের মতো পেছনে দাঁড়িয়ে থাকে, যেন প্রহরীর মতো তাকে পাহারা দিচ্ছে। আপনারা তো এমপি নন, নেতা। আপনারা এমন করবেন কেন?”

আলোচনা সভায় উপস্থিত ছাত্রলীগের নেতাদের মধ্যে কোনো নারীকে না দেখে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “রাজনৈতিক অঙ্গনে আমরা লিঙ্গ সমতা আনতে পারিনি। এটি লজ্জার বিষয়। আমরা আসলে সে চেষ্টা করিনি, করলে সমতা আসত।”

বঙ্গবন্ধুর আপসহীনতার কথা বলতে গিয়ে রাজনীতিকদের আপসকামিতার কথাও বলেন জাসদ সভাপতি। 

“যদি পঁচাত্তরের রাজনীতিবিদরা মিটমাট না করত, তাহলে জিয়া কবেই উড়ে যেত। সত্য কথা বলতে গেলে, এর দায় কিছুটা নিজেদের উপরও আসে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আর্কাইভ-৭১ এর যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন আর্কাইভ-৭১ এর নির্বাহী পরিচালক ও এটিএন নিউজের প্ল্যানিং এডিটর প্রণব সাহা।