ছাত্র ইউনিয়নের সম্মেলন ১৩ সেপ্টেম্বর
আগামী ১৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে ছাত্র ইউনিয়নের তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন, যার মধ্য দিয়ে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।
সিপিবি সমর্থক সংগঠনটি এবারের স্লোগান ঠিক করেছে- “রুখো সাম্রাজ্যবাদ-মৌলবাদ-শিক্ষাবাণিজ্য ধ্বংসপ্রলয়, চেতনার আকালে আবাদ কর নতুন সূর্যোদয়।”
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি লিটন নন্দী এ সম্মেলন আয়োজনের বিস্তারিত তুলে ধরেন।
১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে সম্মেলনের উদ্বোধন হবে। ১৪ ও ১৫ সেপ্টেম্বর টিএসসি মিলনায়তনে হবে কাউন্সিল অধিবেশন।
সম্মেলন উপলক্ষে ৫০১ সদস্যের একটি প্রস্তুতি কমিটিও গঠন করেছে বাংলাদেশের অন্যতম প্রাচীন এই ছাত্র সংগঠন।
সংবাদ সম্মেলনে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক, সাধারণ সম্পাদক লাকী আক্তার, সাংগঠনিক সম্পাদক জি এম জিলানি শুভ, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সুমন সেনগুপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ উপস্থিত ছিলেন।
