আইএমএফের কাছে আত্মসমর্পণের বাজেট: সিপিবি
“এর আলামত স্বরূপ বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি করে তাদের শর্ত পূরণ করা হচ্ছে”, বলা হয় দলটির সংবাদ সম্মেলনে।
আগামী অর্থবছরের জন্য সরকার যে বাজেট পেশ করতে যাচ্ছে, সেখানে সরকার আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের কাছে ‘আত্মসমর্পণ’ করতে যাচ্ছে বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
বাজেটকে কেন্দ্র করে রোববার দুপুরে পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই মূল্যায়নের কথা জানায় দিলটি।
লিখিত বক্তব্যে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, “সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের কাছ থেকে মাত্র ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ নেওয়ার শর্তের বিনিময়ে তাদের কাছে ‘আত্মসমর্পণ’ করে বাজেট প্রণয়ন করতে হবে সরকারকে।
“ইতোমধ্যে এর আলামত স্বরূপ বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন ক্ষেত্রে মূল্যবৃদ্ধি করে তাদের শর্ত পূরণ করা হচ্ছে। এখন মুদ্রাস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রবৃদ্ধির গতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নমুখী। বিদেশে টাকা পাচারের প্রবণতায় খেলাপি ঋণ বেড়েই চলেছে।”
ধনিক গোষ্ঠীর অর্থ পাচারের কারণে ডলারের সংকট সৃষ্টি হয়েছে দাবি করে এই অর্থনীতিবিদ বলেন, “স্বয়ং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি কানাডায় পাচারকৃত সম্পদের মালিকদের মধ্যে ১৫ জনের কথা জানেন, যাদের মধ্যে রয়েছে অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী এবং অসৎ রাজনীতিবিদ।”
দুর্নীতি- অদক্ষতা, ‘লুটেরাদের কাছে আত্মসমর্পণ’ ও ‘বিদেশি নির্দেশে আটকে পড়া’সহ বিভিন্ন কারণে সরকারের ত্রিশঙ্কু অবস্থা সৃষ্টি হয়েছে বলেও মূল্যায়ন করেছে সিপিবি। সংবাদ সম্মেলনে বলা হয়, “তাই প্রতিষেধক ব্যবস্থা না নিলে পরিণতি ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।”
বাংলাদেশ বড় অবকাঠামো নির্মাণে ‘কিছু’ বিনিয়োগ পেয়েছে মন্তব্য করে আকাশ বলেন, “কিন্তু সেগুলোর সদ্ব্যবহার করতে ব্যর্থ হয়েছি আমরা।”
তার দৃষ্টিতে চট্টগ্রামে টানেল প্রকল্প ও রূপপুর পারমাণবিক প্রকল্প ‘দুর্নীতি ও অপচয়ের’ দৃষ্টান্ত।
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি কমে, বেকারত্ব বাড়বে মূল্যায়ন করে দ্রব্যমূল্য আরও বেড়ে যাওয়া আশঙ্কাও করছে সিপিবি।
আকাশ বলেন, “ঋণের সুদের হার ও ডলারের বিনিময় হার যথাসময়ে না বাড়িয়ে আইএমএফের কাছে নতি স্বীকার করে ইলেকট্রিক শকের মত এক লাফে এতটাই বাড়ানো হয়েছে যে এর ফলে অর্থনীতি সংকোচনশীল প্রবৃদ্ধির ফাঁদে পরেছে। এর ফলে বিশেষ অসুবিধায় পতিত হয়েছে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা।
“নতুন বাজেটে সরকারের দায় পরিশোধের মাত্রা অনেক বেশি হবে এবং সেই টাকা ধার নেওয়ার পর ব্যাংক থেকে ঋণ এত বেশি নিতে হবে যে ব্যক্তিখাতের জন্য লভ্য টাকা খুবই কমে যাবে। ফলে সামগ্রিক বিনিয়োগে ভয়াবহ সংকট হবে।”
অর্থনৈতিক বৈষম্যের সূচক দশমিক ৫০ স্তরে পৌঁছালে বিপজ্জনক হয়ে যায় জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, “বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশ হতে হতেই এখনই তা দশমিক ৪৯ গিনি সহগে পৌঁছে গেছে। “প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণের অভাবে কৃষিপণ্যের উৎপাদক দাম ও ভোক্তাদের মধ্যে পার্থক্য বেড়েই চলছে। এবার কৃষি উপকরণের বাজারেও ঠিকমতো ভর্তুকি বরাদ্দ ও বণ্টন না হলে গরিব ও বর্গা-চাষি ঠিকমতো উৎপাদন নাও করতে পারে। তখন কৃষি পণ্যের উৎপাদনের সংকট সৃষ্টি হলে, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।”
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান ও লক্ষ্মী চক্রবর্তী, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য অনিরুদ্ধ দাশ অঞ্জন ও লুনা নূরও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
