৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হাই কমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের বরখেলাপ: ফখরুল

বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন বলে প্রত্যাশা রেখেছেন মির্জা ফখরুল।

হাই কমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের বরখেলাপ: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2024, 05:36 PM

Updated : 26 Aug 2026, 11:02 AM

ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনাকে ‘জেনেভা কনভেনশনের বরখেলাপ’ বর্ণনা করে এর নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে মঙ্গলবার এই নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “সহকারী হাই কমিশন প্রাঙ্গণে যে আক্রমণ হয়েছে তা পূর্বপরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাই কমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।”

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সোমবার দুপুরের দিকে ডানপন্থি একটি হিন্দু সংগঠনের আহ্বানে কিছু বিক্ষোভকারী আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালায়। তারা সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলে। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে ওই বিক্ষোভ হওয়ার কথা বলা হয় এসব খবরে।

ঘটনার পর দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে হামলার ঘটনাকে ‘পূর্বপরিকল্পিত’ হিসেবে বর্ণনা করে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ’নিষ্ক্রিয়তার’ অভিযোগ তোলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

হামলার ঘটনার প্রেক্ষাপটে মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলবে হাজির হন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা।

ভারতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, “ আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি করবে।”

বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন বলে প্রত্যাশা রেখেছেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন, এটা আমরা আশা করি।”

হাই কমিশনে হামলা 'ভারতের ব্যর্থতায়', দুই উপদেষ্টার উষ্মা

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশে ভারতের হাই কমিশনগুলোতে নিরাপত্তা জোরদার

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ

আগরতলা মিশনে হামলা 'পূর্বপরিকল্পিত', পুলিশের 'নিষ্ক্রিয়তার' অভিযো