Published : 25 Jun 2026, 12:08 AM
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চারজনকে বহিষ্কার করেছে জামায়াত।
তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বহিষ্কারের কথা বুধবার দলের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের পাঠানো বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
ওই চারজন হলেন- জামায়াতের রুকন শফিকুল ইসলাম, কর্মী খায়রুল আলম রাসেল ও আবুল কালাম এবং সমর্থক মামুন হোসেন।
মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক দিনে ধানমন্ডি এলাকায় জামায়াতের নেতাকর্মীদের হামলার শিকার হন দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। হামলায় আহত হন দ্য নিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার মারুফ হোসেনও। এ ছাড়া অন্তত ১০ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে।
ওই ঘটনার পর জামায়াতের কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়। পরে দলটির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা ৪ সদস্যের তদন্ত কমিটি করে।
ওই কমিটির সুপারিশের ভিত্তিতে চারজনকে বহিষ্কারের কথা জানাল জামায়াত।