Published : 25 Jun 2026, 07:00 PM
এবারের বিশ্বকাপে প্রথম দুই ম্যাচে বদলি হিসেবে খেলা আন্টোনিও রুডিগারকে নিয়ে ভিন্ন পরিকল্পনা করছেন ইউলিয়ান নাগেলসমান। একুয়েডরের বিপক্ষে জার্মানির ‘বুগিম্যান’ নামে পরিচিত এই ডিফেন্ডারকে আরও বেশি সময় খেলানোর কথা ভাবছেন দলটির কোচ।
টানা দুই জয়ে গ্রুপ সেরা হয়ে নকআউট পর্বে খেলা নিশ্চিত জার্মানির। শুরুর একাদশে অনেক পরিবর্তন এনে বৃহস্পতিবার শেষ গ্রুপ ম্যাচে নামার সুযোগ রয়েছে নাগেলসমানের সামনে। কিছু বদলের ইঙ্গিত দিলেও, দলের ‘উইনিং কম্বিনেশন’ ও চেনা ছক বড় আকারে ভাঙতে নারাজ তিনি।
একুয়েডর এখন পর্যন্ত কোনো ম্যাচ জেতেনি। পরের ধাপে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জার্মানিকে হারানোর বিকল্প নেই তাদের সামনে। লাতিন আমেরিকার দলটির বিপক্ষে তাই বড় এক পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে জার্মানির রক্ষণভাগ।
আবার জার্মানরা হারিয়েছে তাদের প্রথম পছন্দের সেন্টার ব্যাক নিকো শ্লটারবেককে। অ্যাঙ্কেলের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন এই ফুটবলার। আইভরি কোস্টের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে এই চোট পান তিনি। পরে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি।
শ্লটারবেকের বদলি হিসেবে সেদিন দ্বিতীয়ার্ধের পুরোটায় খেলেন রুডিগার। প্রথম ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে স্রেফ ১৭ মিনিট মাঠে ছিলেন রেয়াল মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার।
এক বছর আগে হাঁটুতে অস্ত্রোপচার করানো রুডিগারের গত ম্যাচের পারফরম্যান্সে সন্তুষ্ট নাগেলসমান। পুরোপুরি ফিট হয়ে ওঠা এই ফুটবলারকে আরও বেশি সময় খেলাতে চাওয়ার কথা বলেছেন জার্মানদের কোচ। শ্লটারবেক না থাকায় শুরুর একাদশেও সুযোগ পেতে পারেন রুডিগার।
“এখন আর তার হাঁটু তাকে ভোগাচ্ছে না। সে ভালো অনুভব করছে এবং আমার মনে হয়, গত ম্যাচে সে যখন মাঠে নেমেছিল, ভালো খেলেছে। আমার মনে হয়, আগামীকালও একইভাবে খেলবে। আশা করি, আন্টোনিও আরও বেশি সময় খেলার পুরস্কার পাবে।”
বিশ্বকাপের গত দুই আসরে গ্রুপ পর্ব পেরুতে না পারা জার্মানি এবার শুরুটা ভালো করেছে। তাই শুরুর একাদশ নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করতে চান না নাগেলসমান।
এর মানে, ‘সুপার-সাব’ দেনিস উন্দাফ, যার দুই গোলে আইভরি কোস্টকে হারিয়েছিল জার্মানি, তাকে আসছে ম্যাচেও শুরুর একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেওয়ার দিনও বদলি হিসেবে মাঠে নেমে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছিলেন এই ফরোয়ার্ড। জাতীয় দলে এই ভূমিকা পালন করেও খুশি উন্দাফ।
“বেঞ্চে থাকা নিয়ে যদি আমার আপত্তি থাকত, তাহলে আজ এই সংবাদ সম্মেলনে আসতাম না। শুরু থেকে খেলি বা পরে নামি- মাঠে নিজের সেরা অবদান রাখারই চেষ্টা করব।”
“আমি দুই ম্যাচে বদলি হিসেবে নেমেছি এবং আমরা দুটোই জিতেছি, এতেই আমি খুশি... দলের জয়টাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।”