Published : 26 Jun 2026, 06:33 AM
পেসারদের জন্য বেশ সহায়তা থাকা উইকেটে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেললেন কিমার রোচ এবং আলজারি ও শামার জোসেফ। তাদের তোপ সামাল দিয়ে ঝকঝকে এক সেঞ্চুরি করলেন শ্রীলঙ্কা অধিনায়ক ধানাঞ্জায়া ডি সিলভা। তিনটি চমৎকার জুটিও উপহার দিলেন তিনি। এরপরও প্রথম দিনই ৩০৮ রানে গুটিয়ে গেল সফরকারীদের প্রথম ইনিংস।
অ্যান্টিগা টেস্টের প্রথম দিন শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে কেবল এক ওভার ব্যাট করতে পারে ওয়েস্ট ইন্ডিজ। নিরাপদেই আসিথা ফার্নান্দোর ওভার কাটিয়ে দেন জন ক্যাম্পবেল।
নর্থ সাউন্ডে বৃহস্পতিবার খেলা হয় সাড়ে ছয় ঘণ্টা। ওভার রেট ছিল খুবই বাজে। সারা দিনে খেলা হয় কেবল ৭২.৫ ওভার।
নিজের ত্রয়োদশ সেঞ্চুরিতে ১৭ চারে ১৬৮ বলে ১২০ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন ধানাঞ্জায়া। আক্রমণাত্মক ব্যাটিংয়ে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন দিনেশ চান্দিমাল। দুটি কার্যকর ইনিংস খেলেন সোনাল দিনুশা ও মিলান রাত্নায়েকে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ১০ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা।
প্রথম ওভারে পাথুম নিসাঙ্কাকে ফেরান অভিজ্ঞ রোচ। দশম ওভারে পরপর দুই বলে নিশান মাদুশকা ও কামিন্দু মেন্ডিসকে বিদায় করেন আলজারি জোসেফ। ফ্লিক করতে গিয়ে বলের লাইন মিস করেন চমৎকার কিছু শট খেলা মাদুশকা। প্রথম স্লিপে ধরা পড়ে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান কামিন্দু মেন্ডিস।
অভিজ্ঞ চান্দিমাল পাল্টা আক্রমণে সরিয়ে নেন চাপ। নিজের মতো করে খেলে এগিয়ে যান ধানাঞ্জায়া। ৪২ রানে তিন উইকেট হারানো শ্রীলঙ্কা তাদের দৃঢ়তায় প্রথম সেশনের বাকি সময় কাটিয়ে দেয় নিরাপদে।
বিপজ্জনক হয়ে ওঠা ৬৮ রানের চতুর্থ উইকেট জুটি ভাঙেন শামার জোসেফ। তার ইয়র্কার লেংথের ডেলিভারিতে ফিরতি ক্যাচ দেন চান্দিমাল। ৬৭ বলে আট চারে তিনি করেন ৫৪ রান। ওই ওভারেই চার বল পর শূন্য রানে ফেরেন কুসাল মেন্ডিস।
১১০ রানে পাঁচ উইকেট হারানো শ্রীলঙ্কাকে টানেন ধানাঞ্জায়া ও দিনুশা। তাদের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে আর কোনো উইকেট নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় সেশনে দারুণ একটি ডেলিভারিতে দিনুশাকে (৭৫ বলে ৪৩) এলবিডব্লিউ করে ৯৯ রানের জুটি ভাঙেন রোচ।
রাত্নায়েকের সঙ্গে আরেকটি জুটিতে শ্রীলঙ্কাকে এগিয়ে নিতে থাকেন ধানাঞ্জায়া। ১৫০ বলে তিনি স্পর্শ করেন সেঞ্চুরি। তাকে ফিরিয়েই ৬৪ রানের জুটির ইতি টানেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস।
অধিনায়কের বিদায়ের পর বেশি দূর এগোয়নি শ্রীলঙ্কার সংগ্রহ। তবে রত্নায়েকে, লাহিরু কুমারার ব্যাটে তিনশ ছাড়ায় সফরকারীরা।
দুটি করে উইকেট নেন রোচ, আলজারি ও শামার জোসেফ। ৩৯ রানে ৩ উইকেট নিয়ে সফলতম বোলার গ্রেভস।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৭১.৫ ওভারে ৩০৮ (নিসাঙ্কা ২, মাদুশকা ২৩, চান্দিমাল ৫৪, কামিন্দু মেন্ডিস ০, ধানাঞ্জায়া ১২০, কুসাল মেন্ডিস ০, দিনুশা ৪৩, রাত্নায়েকে ২৭, রাজিথা ৮, কুমারা ১২*, আসিথা ০; রোচ ১২-২-৩২-২, সিলস ১৫.৫-২—৭৩-১, আলজারি জোসেফ ১২-১-৬০-২, শামার জোসেফ ১৬-১-৭৯-২, গ্রেভস ১১-১-৩৯-৩, চেইস ৫-১-১৬-০)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১ ওভারে ০/০ (ক্যাম্পবেল ০*, কিং ০*; আসিথা ১-১-০-০)