দিনে বিদ্যুৎ বন্ধের কোনো ভাবনা সরকারের নেই: তথ্যমন্ত্রী
বিএনপির সমাবেশ দেখে আওয়ামী লীগকর্মীদের ‘কাতুকুতু’ হচ্ছে, মন্তব্য হাছান মাহমুদের।
জ্বালানি উপদেষ্টার এক বক্তব্য ধরে তুমুল আলোচনা চললেও দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে বলেন, “দিনের বেলায় বিদ্যুৎ বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি।”
রোববার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ব্যবসায়ীদের দাবি শুনে বলেছিলেন, “আপনারা সমর্থন করলে দিনের বেলা পুরোটা সময় লোড শেডিং হতে পারে। রাতে বিদ্যুৎ পাবেন।”
তার সেই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, “তৌফিক-ই-ইলাহী সাহেব যেটি বলেছেন, সেটি তার ব্যক্তিগত কথা এবং তিনিই তার ব্যাখ্যা দিতে পারবেন। সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই।”
সমাবেশ দেখে ‘কাতুকুতু’
‘বিএনপির সমাবেশ দেখে আওয়ামী লীগ শঙ্কিত’- দলটির নেতাদের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, “তারা অনেক কথাই বলছেন, আর আমাদের কর্মীরা বলেছেন যে- তাদের সমাবেশ দেখে ভয় লাগা তো দূরের কথা, আমাদের কাতুকুতু লেগেছে।
“আসলে বিএনপি তো ২ হাজার মানুষের সমাবেশ করে, এখন যখন ১০-১৫ হাজার মানুষ দেখে একটু খেই হারিয়ে ফেলেছে, এই হচ্ছে ঘটনা।”
খুলনায় বিএনপির সমাবেশে বাধার অভিযোগ প্রত্যাখ্যান করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি নেতারা বলেছেন যে, বাস-লঞ্চ এগুলো বন্ধ। বাস-লঞ্চের মালিকরা নিজেরাই ধর্মঘট ডেকেছে। এখানে সরকার কিংবা সরকারি দলের কোনো হাত নেই।
“২০১৩-১৪-১৫ সালে বিএনপি যেভাবে বাসে, লঞ্চে আগুন দিয়েছিল, জীবন্ত শ্রমিকদেরকে পুড়িয়ে হত্যা করেছিল, দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে যেভাবে মানুষ হত্যা করেছিল, এ জন্য স্বাভাবিকভাবেই বাস এবং লঞ্চের মালিক ও শ্রমিকরা উদ্বিগ্ন ছিল এবং সেই সব ও অন্যান্য কারণে তারা ধর্মঘট ডেকেছিল।”
এ সময় তিনি তার ট্যাবে ২০১৩-১৪-১৫ সালের কিছু সংবাদচিত্র সাংবাদিকদের দেখিয়ে বলেন, “দেখুন বিএনপির দেওয়া আগুনে বাস, লঞ্চ ও শ্রমিকরা কীভাবে পুড়ে মৃত্যুবরণ করেছে। বিএনপির এই অপরাজনীতির আগুনের কারণেই তারা ধর্মঘট ডেকেছে।”
সমাবেশকারী বিএনপির নেতা-কর্মীরা খুলনার নবনির্মিত রেল স্টেশনে ভাংচুর, দৌলতপুরে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন হাছান মাহমুদ।
“পুলিশের উপর তারা ইট-পাটকেল নিক্ষেপ করেছে, এরপরও পুলিশ এবং আমাদের নেতাকর্মীরাও ধৈর্যের পরিচয় দিয়েছে। বিএনপি নির্ঝঞ্ঝাটভাবে সমাবেশ করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের সমাবেশে গ্রেনেড হামলা, বোমা হামলা হয়েছে। কিবরিয়া সাহেব, আহসান উল্লাহ মাস্টারের সমাবেশে হামলা চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে।”
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, “২০০৮ সালের নির্বাচনের আগে বেগম খালেদা জিয়া বেশ ক’বার বলেছিলেন যে, আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। ভাগ্যের এমন নির্মম পরিহাস, ২০০৮ সালের নির্বাচনে বিএনপি প্রথমে ২৯টি আসন পেয়েছিল অর্থাৎ ৩০টির কম। পরবর্তীতে উপনির্বাচনের পর তাদের আসন সংখ্যা বেড়েছিল। আর আওয়ামী লীগ তখন তিন-চতুর্থাংশ আসন পেয়ে সরকার গঠন করেছিল।
“আবার ২০১৮ সালে বিএনপি ডান-বাম, অতিডান-অতিবাম সবাইকে নিয়ে, ড. কামাল হোসেনকে ‘হায়ার’ করে ঐক্য করে মাত্র ৫টি আসন পেয়েছিল। বেগম জিয়ার ৩০ আসনের বক্তব্য যেমন তাদের বেলায় ঘটেছিল, আমার আশঙ্কা, ফখরুল সাহেবের এই ১০ আসনের বক্তব্যও আবার তাদের বেলায় ঘটে কি না?”
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সরকারবিরোধী বক্তব্য নিয়ে হাছান মাহমুদ বলেন, “আসলে জাতীয় পার্টিকে তো নানা জনে ‘বি টিম’ বলে, তাই উনারা যে বিরোধী দল, এটি দেখানোর জন্য তিনি কিছু কড়াকড়া বক্তব্য রাখছেন, এটি ভালো। আমি আশা করব, জাতীয় পার্টির আভ্যন্তরীণ যে গণ্ডগোলগুলো চলছে, এগুলো তারা নিরসন করতে পারবে।”
