১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যানের পথে আওয়ামী লীগ কর্মীদের ঢল

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে ঢাকায় জনসভা করছে আওয়ামী লীগ, যা কার্যত দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয় উৎসবে পরিণত হতে যাচ্ছে।

সোহরাওয়ার্দী উদ্যানের পথে আওয়ামী লীগ কর্মীদের ঢল

দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2024, 03:12 PM

Updated : 10 Jan 2024, 05:38 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় দলে দলে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার দুপুরের আগে থেকেই ঢাকা ও এর আশেপাশের এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমবেত জনসভাস্থলে।

সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেইট, টিএসসি সংলহ্গ্ন গেইট, রমনা কালিমন্দিরের গেইট, তিন নেতার মাজার গেইট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের গেইট দিয়ে প্রবেশ গেইটি ভিআইপিদের জন্য রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিব।

জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে ঢাকায় জনসভা করছে আওয়ামী লীগ, যা কার্যত দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয় উৎসবে পরিণত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য দেবেন।

গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর পরপরই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পড়ায় এদিনের জনসভায় বিজয় উদযাপন করতে যাচ্ছে টানা চার মেয়াদে সরকার গঠন করতে যাওয়া আওয়ামী লীগ।

মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিল্লি হয়ে পৌঁছান ঢাকায়।

দিবসটি উপলক্ষে বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সকাল ১০টার পর দ্বাদশ সংসদের নতুন সদস্যদের সঙ্গে সংসদে শপথগ্রহণ করেন শেখ হাসিনা। দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় যোগ দেবেন তিনি।