১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

তাবেদারির জন্য মুক্তিযুদ্ধ করি নাই: রব

“এত বছর হইছে এখনও শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবিদের তালিকা হয় নাই,” বলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 10:30 AM

Updated : 26 Aug 2026, 11:08 AM

মানুষের ভাগ্য পরিবর্তনে পাঁচ দশক আগে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই লক্ষ্য পূরণ না হওয়ায় খেদ প্রকাশ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

তিনি বলেছেন, “বিজয় হয় নাই তো বাংলাদেশের; বিজয় হয় নাই এখনও। যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেদিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।

“কৃষক-শ্রমিক-জনতা এরা যে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু করল- চাকরির জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য; এইটা যদি কার্যকরী হয়, ভাত-কাপড়ের জন্য কেউ মরবে না, বিনা চিকিৎসায় কেউ থাকবে না।”

সোমবার সকাল পৌনে ৮টায় জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিসেনাদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ মন্তব্য করেন।

আ স ম রব বলেন, “আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসাথে লড়াই করব, তবেই হবে বিজয়। আমরা কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করি নাই।” 

ভারাক্রান্ত কণ্ঠে তিনি বলেন, “এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম যতটুক পারলাম।” 

সংস্কার আগে নাকি নির্বাচন, এই প্রশ্নের উত্তরে জেএসডি সভাপতি বলেন, “আবু সাঈদ কি জীবন দিছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ সংস্কার চায়। 

“এত বছর হইছে এখনও শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবিদের তালিকা হয় নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।” 

জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন এসময় উপস্থিত ছিলেন ।