২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সমাবেশ হবে শান্তিপূর্ণ, সংঘাতের উসকানিতে সরকার: রিজভী

“ডেমোক্রেটিক যে নর্মস আছে, প্রচারের মাধ্যমে জনগণকে সংগঠিত করে সমাবেশে নিয়ে আসা, আমরা সেই কাজ করছি,” বলেন রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2023, 04:35 PM

Updated : 26 Oct 2023, 04:35 PM

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শনিবার ঢাকায় বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হওয়ার নিশ্চয়তা দিয়ে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সংঘাতের উসকানি দিচ্ছে সরকার।’

সমাবেশের দুই দিন আগে বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন।

বিএনপি সমাবেশটি করতে চায় নয়া পল্টনে। ঢাকা মহানগর পুলিশ বিকল্প দুটি জায়গার নাম চেয়েছিল দলটির কাছ থেকে। তবে বিএনপি জানিয়েছে নয়া পল্টন ছাড়া অন্য কোথাও সমাবেশ ‘সম্ভব নয়।’

সংবাদ সম্মেলন করার পাশাপাশি পুলিশকে দেওয়া চিঠি নিয়েও দলের এই অবস্থানের কথা তুলে ধরেন রিজভী।

গত ১৮ অক্টোবর এই সমাবেশ ঘোষণা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেদিন থেকে আন্দোলনের ‘মহাযাত্রা’ শুরুর ঘোষণা দিয়েছিলেন। তার এই ঘোষণায় রাজনৈতিক উত্তাপ ছড়ালেও পরে তিনি জানান, সেদিন নেতা-কর্মীরা সমাবেশ করে যার যার অবস্থানে চলে যাবেন এবং পরবর্তী কর্মসূচির অপেক্ষায় থাকবেন।

রিজভী বলেন, “২৮ অক্টোবরের সমাবেশ শান্তিপূর্ণ হবে। এই সমাবেশ সফল করতে দলের সাংগঠিক দায়িত্বপ্রাপ্ত নেতারা রাতদিন কাজ করছেন। জনগণকে সুসংগঠিত করতে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে সাংগঠনিকভাবে।

“ডেমোক্রেটিক যে নর্মস আছে, প্রচারের মাধ্যমে জনগণকে সংগঠিত করে সমাবেশে নিয়ে আসা, আমরা সেই কাজ করছি।”

বিএনপি নেতা বলেন, “আমরা বার বার বলেছি, আমাদের সমাবেশ হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ। আর সরকার সংঘাতের উসকানি দিচ্ছি, তারা সংঘাতের হুমকি দিচ্ছে।

“তারা বলছে লাঠি নিয়ে যাবে। তাদের সাধারণ সম্পাদক কয়েকদিন আগে বলেছেন, শাপলা চত্বরে হেফাজতের পরিণতি হবে।… অর্থাৎ আঘাতের মধ্য দিয়ে মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার হুমকি দিচ্ছে তারা।”

বিএনপি স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কর্মসূচি করছে জানিয়ে রিজভী বলেন, “প্রতিদিন একশ-দেড়শ-দুইশ করে নেতা-কর্মী গ্রেপ্তারের কথা আমরা আপনাদের জানাচ্ছি। আমাদের নেতা-কর্মীকে কোথাও দেখেছেন কোনো বেআইনি আচরণ করতে? প্রচলিত যে আইন আছে তার ব্যতিক্রম কিছু ঘটনা কি দেখছেন?

“আমাদের নেতা-কর্মীর বাড়ি ভাঙচুর করছে গোয়েন্দা পুলিশ। আমাদের নেতা খায়রুল কবির খোকন জাতীয় পর্যায়ের নেতা … তাকে তুলে নিয়ে যাওয়া হল, সদস্য সচিব মঞ্জুর ইলাহীকে কয়েকদিন আগে তুলে নিয়ে যাওয়া হল … আমাদের কুষ্টিয়ার কৃষক দলের মেহেদি হাসান আকবর নির্যাতনে মারা যায়। রাষ্ট্রীয় সন্ত্রাস এবং রাষ্ট্রীয় আনুকূল্যে আওয়ামী লীগের সন্ত্রাস একযোগ হচ্ছে। এসব ফেইস করে আমরা জনগণকে শান্তিপূর্ণ মহাসমাবেশে আসার আহ্বান জানাচ্ছি।”

বিএনপি নেতা রিজভী বলেন, “ওদের (সরকার দল) ভয় তো জনগণকে, জনগণের সমাবেশকে। আমাদের তো সেই ভয় নেই।

“আমরা জনগণের ওপর নির্ভর করা রাজনৈতিক দল, তাদের ওপর আমরা ভরসা করে আছি। আমাদের না আছে আইনশৃঙ্খলা বাহিনী, না আছে অন্য কোনো প্রতিষ্ঠান যেগুলোকে হাতের মুঠোয় নিয়ে ব্যবহার করা যায়।”

দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আসাদুল করীম শাহিন, মুনির হোসেন, মাহবুবুল আলম নান্নু, কৃষক দলের শহিদুল ইসলাম বাবুলও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।