২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমরা প্রতিপক্ষ ভাবি, তারা ভাবে শত্রু: ওবায়দুল কাদের

“বারে বারে দেয়াল তুলছেন আপনারা, এদেশের রাজনীতিতে সম্পর্কের সেতুটা আপনারাই ধ্বংস করেছেন।”

আমরা প্রতিপক্ষ ভাবি, তারা ভাবে শত্রু: ওবায়দুল কাদের

রাজধানীর বিএমএ অডিটরিয়ামে ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন’ আয়োজিত শোক দিবসের আলোচনাসভায় ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 09:14 PM

Updated : 20 Aug 2022, 09:14 PM

দেশের রাজনীতিতে বারবার দেয়াল তুলে সম্পর্কের সেতু ধ্বংস করা হয়েছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপিকে প্রতিপক্ষ ভাবলেও তারা ভাবে শত্রু।

শনিবার বিকালে ‘বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ’ অডিটোরিয়ামে সংগঠনটির আয়োজনে শোক দিবসের আলোচনাসভায় এমন মন্তব্য করেন তিনি।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা ও জেল হত্যার ঘটনা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, “আমাদের দুর্ভাগ্য আমরা যাদের প্রতিপক্ষ ভাবি, তারা আমাদের শত্রু ভাবে।

“পঁচাত্তরের হত্যাকাণ্ডে তাদের দোসররা, এর পর তেশরা নভেম্বর। এটা কি প্রতিপক্ষের? না শত্রুর? শত্রুর মত ব্যবহার তারা আমাদের সঙ্গে করে।”

তিনি বলেন, “কোকোর মৃত্যুর পর প্রধানমন্ত্রী শোকার্ত মাকে শান্তনা দিতে ছুটে গেছেন, মুখের উপর ঘরের দরজা বন্ধ করে দিয়েছে; মূল ফটক বন্ধ করে দিয়েছে। এই দুর্ব্যবহারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন।

“২০১৪ সালের নির্বাচনের আগে টেলিফোন করেছেন, আসুন গণভববনে ডিনার করুন, আমরা কথাবার্তা বলি। কি দুর্ব্যবহারটা করেছে। বারে বারে দেয়াল তুলছেন আপনারা।

“সম্পর্কের সেতুটা আপনারাই ধ্বংস করে দিয়েছেন এদেশের রাজনীতিতে।”

বিদেশে আওয়ামী লীগের কোনো প্রভু নেই দাবি করে ওবায়দুল কাদের বলেন, “আমরা বঙ্গবন্ধু, জননেত্রী শেখ হাসিনা, তাদের আদর্শ ধারণ করি এবং সেটাই আমাদের বড় অস্ত্র।

“আমাদের ক্ষমতার উৎস বাংলাদেশের জনগণ, অন্য কেউ না। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। আপনাদের মত আমাদের প্রভু নেই।

“আমরা বন্ধুত্ব করি আমাদের স্বার্থে, আমরা বন্ধুত্ব করি আমাদের অতীতে, খারাপ সময়ে কে আমাদের সঙ্গে ছিল, এটা আমরা স্মরণ করি।”

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “কিন্তু আমি কারও দয়ায় তো ক্ষমতায় আসিনি। দেশের জনগণ আমাদের সমর্থন করেছে।

“আল্লাহপাকের অশেষ রহমত আছে সেজন্যই আমরা ক্ষমতায় আছি। ইনশাল্লাহ ফখরুল সাহেব ও তাদের সহকর্মীরা জনমতের তলানীতে।”

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “সারা দুনিয়া এখনও বলে, শেখ হাসিনা জনপ্রিয় নেত্রী। জনপ্রিয়তার প্রমাণ দিতে বার বার ডাক দিয়েও আপনারা মাঠে নামাতে পারেননি, ইনশাল্লাহ পারবেন না।

“নির্বাচনটা আসুক তখন প্রমাণ পাবেন শেখ হাসিনার জনপ্রিয়তা অপ্রতিরোধ্য, তুঙ্গে। কত উঁচুতে তা নির্বাচনে টের পাবেন। আমাদের প্রমাণ করতে হবে না।

“বড় বড় কথা বলবেন না, বড় বড় কথা বললে আসল কথা বেড়িয়ে আসবে। একটা মিছিল হলে খোলা মাঠে মারামারি, সেই দল কলহ কোন্দলে ভরা, কেউ কাউকে মানে না। কারও প্রতি কারও কোনো আস্থা নেই।”

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা দল ছাড়তে চায় দাবি করে ওবায়দুল কাদের বলেন,“প্রস্তাব তো আমাদের কাছেও আসে জেলা পর্যায়ের, কেন্দ্রীয় পর্যায়ের। অনেকে যোগ দিতে চায়।

“দরজাটা খুলে দিলে টের পাবেন লাইন কতটুকু, আওয়ামী লীগে যোগদানের লাইন। কাজেই এত অহংকার ভালো নয়। আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকব।”

বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে শোকসভায় সংগঠনটির নেতারা উপস্থিত ছিলেন।