২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে মশারি ব্যবহারসহ ৫ নির্দেশনা কাদেরের

চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশা মুক্ত রাখতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2023, 06:16 PM

Updated : 01 Aug 2023, 06:16 PM

এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর ভয়াবহ ছোবল থেকে বাঁচতে মশারি ব্যবহারসহ পাঁচ নির্দেশনা প্রতিপালনে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধ করার লক্ষ্যে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে কিছু নির্দেশনা দিয়েছেন।

আওয়ামী লীগ সভাপতির নির্দেশনা প্রতিপালনে দলের সব সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশাপাশি দলীয় সংসদ সদস্য, সকল জনপ্রতিনিধিগণ, ওলামা-মাশায়েখসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নির্দেশনাসমূহ

>> সবাইকে মশারি ব্যবহার করতে হবে।

>> বাসাবাড়ি, ফ্ল্যাট, অফিস-আদালত, শিক্ষপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সকল চিকিৎসা কেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশনের মত জায়গার কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

>> চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে হবে।

>> নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার চালাতে হবে।

>> সব এলাকায় মশক নিধন অভিযান চালাতে হবে।