জার্মান শার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে ফখরুলের বৈঠক
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন খসরু।
জার্মান শার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রুল্ফ ইয়ানোভস্কির সঙ্গে এক ঘণ্টা বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের তিন নেতা। বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকে বর্তমান প্রেক্ষাপট এবং আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার বিষয়গুলো আলোচনা উঠে আসে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে আরও অংশ নেন দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য সাংবাদিকদের বলেন, ‘‘বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বের সব গণতান্ত্রিক দেশ যেমন কনসার্ন, তারাও (জার্মান) জানতে চাচ্ছে এই নির্বাচন কীভাবে নিরপেক্ষ করা যায়, কীভাবে গ্রহণযোগ্য করা যায়, কীভাবে আন্তর্জাতিক মানের করা যায়, কীভাবে বিশ্বাসযোগ্য করা যায়। বাংলাদেশের মানুষ যেভাবে চাচ্ছে তারাও একইভাবে চাচ্ছে। ওরা তো আর বাংলাদেশে প্রক্রিয়া বলে দেবে না। তারা যেটা চাচ্ছে সেটা বলছে।”
খসরু বলেছেন, সেই ‘প্রক্রিয়া’ কী হবে সেই সিদ্ধান্ত বাংলাদেশকেই নেওয়ার কথা বলেছেন জার্মান শার্জ দ্য অ্যাফেয়ার্স। আমরা যেটা বলেছি, নিরপেক্ষ সরকার ব্যাতীত বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানের, অংশীদারিত্ব নির্বাচন হওয়া সম্ভব না। কেউ যখন বলে নির্বাচন বিশ্বাসযোগ্য হতে হবে, এটা আন্তর্জাতিক মানের হতে হবে, এটা গ্রহণযোগ্য ও অংশীদারিত্বমূলক হতে হবে। সেই আলোচনা করেছি সেভাবে।”
নির্বাচন প্রসঙ্গে আপনারা কি বলেছেন জানতে চাইলে খসরু বলেন, ‘‘আমরা যা বলার সবসময় তাই বলেছি। বাংলাদেশে শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ সেই নির্বাচন বাংলাদেশের জনগণের জন্য কোনো কিছু বয়ে আনবে না। আবার একটা ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার প্রকল্প ছাড়া এই নির্বাচন আর কিছু না।”
বৈঠকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হওয়ার তথ্য দিয়ে খসরু বলেন, ‘‘তারা জানতে চেয়েছেন উনার হেলথ কী রকম, ট্রিটমেন্টের অবস্থা কী সেটা জানতে চেয়েছেন। বাংলাদেশ-জার্মানির মধ্যে যেসব সহযোগিতা আছে সেগুলো কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় সে নিয়ে আলোচনা হয়েছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)
