২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাম ধরে গালিগালাজ করেন, এটা রাজনৈতিক শিষ্টাচার না: ফখরুল

“আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার থাকার কথাও না। কারণ তাদের বডি ল্যাংগুয়েজ হচ্ছে সন্ত্রাসী ল্যাংগুয়েজ। আমি এই কারণে বলি, আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা সন্ত্রাসী কালচার,” বলেন বিএনপি মহাসচিব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2023, 06:08 PM

Updated : 23 Aug 2023, 06:08 PM

ক্ষমতাসীন দলের নেতারা যেভাবে বিরোধীদলের নেতাদের নাম ধরে ‘গালিগালাজ’ করেন, তা কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে এক আলেচনা সভায় মির্জা ফখরুল তথ্যমন্ত্রীর সেই বক্তব্যের জবাবে বলেন, “আজকে পত্রিকায় উঠেছে যে, আমার মতো মিথ্যাবাদী আর নাই। আমরা তো একটা রুচিশীলতার মধ্য দিয়ে বড় হয়েছি। তারা যে ভাষায় কথা বলে আমরা তো সেই ভাষায় কথা বলতে অভ্যস্ত নই। বিষয়টা হচ্ছে যে, উনারা নাম ধরে গালিগালাজ করেন। আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার না।”

তিনি বলেন, অবশ্য আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার থাকার কথাও না। কারণ তাদের বডি ল্যাংগুয়েজ হচ্ছে সন্ত্রাসী ল্যাংগুয়েজ। আমি এই কারণে বলি, আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা সন্ত্রাসী কালচার। আপনি গ্রামে চায়ের দোকানে যাবেন কেমন করে বুঝবেন কে আওয়ামী লীগ করে কে করে না? দেখবেন যে সবচেয়ে বেশি টেবিল থাপড়াচ্ছে, জোরে কথা বলছে, গালি দিচ্ছে আপনি নিশ্চিত থাকবেন সে আওয়ামী লীগ।”

২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা নিয়ে বিএনপি মহাসচিবের একটি বক্তব্যের বিষয়ে নিয়ে মঙ্গলবার তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুলের মতো মিথ্যাবাদী রাজনীতিবিদ তিনি আর দেখেননি।

সরকার হটাতে ‘বড় রকমের ঝাঁকুনি’ দরকার বলে মন্তব্য করেন তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের (নূর) উদ্যোগে ‘নাগরিকদের সাংবিধনিক মৌলিক ও মানবাধিকার সুরক্ষা’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের এক সময়ের সভাপতি মির্জা ফখরুল বলেন, “আমি খুব কষ্ট পাই যখন দেখি যে, জঘন্যতম একটা ঘটনা ঘটেছে… একজন নারী বা একজন ছাত্রী নির্যাতিত হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের তরুণরা-ছাত্ররা এর প্রতিবাদে রাস্তায় নামে না। অথবা সমাজে, রাষ্ট্রে মানুষের আজকে সাংবিধানিক অধিকার হরণ করে নেয়া হচ্ছে, মানবাধিকার হরণ করে নেয়া হচ্ছে…আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে সেইভাবে কোনো প্রতিবাদ দেখতে পারছি না, রাস্তায় নামছে না।”

তিনি বলেন, “আমি অনেক ছাত্রকে জিজ্ঞাসা করেছি, আজকাল ছাত্ররা আসে না কেনে? আমি দশম শ্রেণির একজন ছাত্রকে জিজ্ঞাসা করেছিলাম- তোমাদের ক্লাসের বন্ধুরা কি হতে চায়? সে বলছে পলিটিক্স করতে চায়। আমি অবাক হয়েছি, বিস্মিত হয়েছি। কারণ সে যে স্কুলে পড়ে সেখানে সমস্ত বড়লোকদের ছেলেরা পড়ে। কেন পলিটিক্স করতে চায় জানতে চাইলাম, সে বলল, পলিটিশিয়ানদের অনেক টাকা।”

“এটা হাসির কথা নয়…আজকে যে সমাজ তৈরি হয়েছে, আজকে যে রাষ্ট্রব্যবস্থা তৈরি হয়েছে, আজকে যে তার চোখের সামনে সে দেখল পলিটিশিয়ানদের অনেক টাকা…অর্থাৎ যারা সরকারি দল করছে তারা এতো বেশি বিত্তশালী হয়ে উঠেছে যেটা দেখে মনে হয় যে ওটাই দরকার।”

বাংলাদেশ গণঅধিকার পরিষদের (নূর) সভাপতি নুরুল হক নুর বলেন, “কত ভীত-সন্ত্রস্ত হলে আজকে টেলিভিশনেও একটা বৃহৎ বিরোধী দল বিএনপির চেয়ারম্যানের বক্তব্য টেলিভিশনে পত্রিকায় প্রচার করা যাচ্ছে না। এর চেয়ে কুৎসিত রাষ্ট্রব্যবস্থা কি হতে পারে? জঘন্য সরকারের পদক্ষেপ আর কি হতে পারে যে, বিরোধী দলের লিডারের বক্তব্য টেলিভিশনে প্রচার করা যাবে না। এখন তিনি (তারেক রহমান) ইউটিউবে, ভার্চুয়ালি বক্তব্য দেন সেটাও বন্ধ করার জন্য নাকি হাই কোর্টের দৃষ্টিতে আনা হয়েছে।”

সরকারের পতনে সকলকে সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান নূর।

নূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ খানের সঞ্চালনায় আলোচনা সভায় কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ন্যাশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টি (কাজী জাফর) আহসান হাবিব লিংকন, এবি পার্টির এএফএম সোলায়মান চৌধুরী, জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, জাগপার রাশেদ প্রধান, এনডিপির আবু তাহের, বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেএম আবু হানিফ, জাঙ্গীরনগর বিশ্বদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রুহুল আমীন, গণঅধিকার পরিষদের এসএম নূরে এরশাদ সিদ্দিকী, রাখাল রাহা প্রমুখ বক্তব্য রাখেন।