১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

দিল্লিতে হাঁটুর অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরলেন বিএনপির হাফিজ

হাফিজ বলেন, “ছয় মাস লাগবে ঠিক হতে, মাত্র দুই মাস গেল, এখন মোটামুটি লাঠি ভর দিয়ে হাঁটতে পারি।”

দিল্লিতে হাঁটুর অস্ত্রোপচার করিয়ে দেশে ফিরলেন বিএনপির হাফিজ

ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2024, 03:26 PM

Updated : 03 Mar 2024, 03:31 PM

দিল্লির হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা শেষে দুমাস পর দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

বিএনপি সরকারের এক সময়ের এই পানিসম্পদমন্ত্রী বলেছেন, দুমাস আগে তার অস্ত্রোপচার হলেও পুরোপুরি সুস্থ হতে আরও মাস ছয়েক লাগবে।

রোববার সকাল পৌনে ১০টার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকার নামেন হাফিজ উদ্দিন আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দিল্লির ফোর্টিস হাসপাতালে ২৭ ডিসেম্বর আমার হাঁটুর অপারেশন হয়। এখনো চিকিৎসার মধ্যেই আছি। ছয় মাস লাগবে ঠিক হতে। মাত্র দুই মাস গেল, এখন মোটামোটি লাঠি ভর দিয়ে হাঁটতে পারি।”

ফোর্টিস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ অধ্যাপক কুরিন্দর বিডির তত্ত্বাবধানে তার চিকিৎসা হয়েছে বলে হাফিজ জানান।

বিমানবন্দরের ভেতরে অনেকটা সময় বসিয়ে রাখার অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “আজকে একটি মামলায় আমার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হতে হবে, সেভাবেই এসেছিলাম সকালের ফ্লাইটে। কিন্তু বিমানবন্দরে আড়াই ঘণ্টা আমাকে বসিয়ে রাখা হয়েছে।

“এখন তো আদালতের যাওয়ার আর সময় নেই। কালকে সকাল ১০টায় আমি আদালতে গিয়ে হাজির হব আশা করছি।”

ওই মামলায় হাফিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে।

এদিন ভোলার নেতা-কর্মীরা বিমানবন্দরের টার্মিনালের বাইরে হাফিজ উদ্দিন আহমেদকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন। সেখান থেকে গাড়িতে করে নেতা-কর্মীদের নিয়ে বনানীর বাসায় যান বিএনপির ভাইস চেয়ারম্যান।

হাঁটুর চিকিৎসার জন্য গত ১৪ ডিসেম্বর দিল্লি যান হাফিজ। কিন্তু তার যাওয়ার কথা ছিল আরও দুদিন আগে ১২ ডিসেম্বর। সেদিন তার স্ত্রী দিলারা হাফিজকে যেতে দেওয়া হলেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে আটকে দেওয়া হয় হাফিজকে।

এরপর বিমানবন্দরে আটকে দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ১৩ ডিসেম্বর হাই কোর্টে রিট আবেদন করেন বিএনপির এই নেতা। ও আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত তাকে দেশত্যাগ ও বিদেশ থেকে দেশে ফেরার অনুমতি দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পর তিনি চিকিৎসার জন্য দিল্লিতে যান।

রাজনীতি থেকে ‘শিগগিরই’ অবসরে যাওয়ার ঘোষণা দিয়ে গেল বছরে আলোচনায় আসেন হাফিজ।

সে সময় বিএনপির সরকার পতনের ‘এক দফা’র আন্দোলন চলার মধ্যে ৮ নভেম্বর সংবাদ সম্মেলন করে হাফিজ বলেছিলেন, তার নতুন দল গড়ার যে কথা বাজারে আছে, তা ‘সঠিক নয়’। বিএনপি থেকেই তিনি অবসরে যেতে চান।

পুরনো খবর

পুরানো খবর:

মেজর হাফিজের বিদেশ যাত্রায় বাধা চ্যালেঞ্জ হাই কোর্টে
বিএনপির নির্বাচনে যাওয়া উচিত: হাফিজ
নতুন দল গড়ার কথা ‘সঠিক নয়’: হাফিজ
বিএনপির ভুল ‘অনেক’, সংস্কার দরকার: হাফিজ
বিদেশ যেতে না পেরে বিমানবন্দর থেকে ফিরলেন বিএনপির হাফিজ
রিট আবেদন করার পরদিন দিল্লি গেলেন হাফিজ