১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ছেলের সঙ্গে পার্কে বেড়ালেন খালেদা জিয়া

লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2025, 05:40 PM

Updated : 26 Aug 2026, 12:25 PM

অর্ধযুগেরও বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

সাবেক এই প্রধানমন্ত্রী এখন চিকিৎসার জন্য লন্ডনে তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন।

মঙ্গলবার বিকালে স্থানীয় একটি পার্কে খালেদা জিয়াকে বেড়াতে নিয়ে যান তারেক রহমান। সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেখানে দেখা যায়, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে পার্কের রাস্তায় ঘোরাচ্ছেন তার একান্ত সহকারী মো. মাসুদুর রহমান। পাশেই তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান হাঁটছেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনও সঙ্গে আছেন।

এ বিষয়ে জানতে চাইলে জাহিদ হোসেন টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল উনাকে গাড়ি থেকে নামিয়ে জাস্ট হুইল চেয়ারে করে ঘুরনো হয়েছিল। আবহাওয়াটা… শীত কম ছিল, সেজন্য কিছুক্ষণ ঘুরানো হয়েছিল… একুট মন ভালো রাখার জন্য।

“পার্কের নানা রঙের ফুল, এগুলো দেখলে ম্যাডামের একটু ভালো লাগবে এই চিন্তা করে এটা করা হয়েছিল। ডাক্তাররা বলেছিলেন, উনাকে একটু হাঁটাতে পারলে ভালো হয়… এটাতে উনার মানসিক প্রশান্তি যেমন আসবে, শারীরিকভাবেও সজীব অনুভব করবেন।”

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ কিডনি ও হার্টের জটিলতায় ভুগছেন।

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর থেকে তাকে সরাসরি নেওয়া হয় লন্ডন ক্লিনিকে। সেখানে ১৭ দিন চিকিৎসার পর চিকিৎসকরা তাকে তারেক রহমানের বাসায় নেওয়ার অনুমতি দেন। 

খালেদা জিয়া এখন কেমন আছেন জানতে চাইলে অধ্যাপক জাহিদ হোসেন বলেন, “আলহামদুলিল্লাহ, ম্যাডামের মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। মানসিকভাবে উনি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি ভালো।”

লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বুধবার খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, “আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, উনার ডাক্তাররা (লন্ডন ক্লিনিকের ডাক্তাররা) বাসায় উনাকে দেখতে আসবেন।

“কিছু পরীক্ষা করার জন্য হয়ত উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে।”

খালেদা জিয়া কবে দেশে ফিরতে পারবেন–এ প্রশ্নে ডা. জাহিদ বলেন, “ডাক্তার সাহেবরা যেসব পরীক্ষা করতে বলেছেন, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন কত দ্রুত উনি ছুটি দেওয়ার মত অবস্থায় যেতে পারবেন।”

লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।