পুলিশ বিএনপির কোনো কাজে ‘বাধা দিচ্ছে না’: স্বরাষ্ট্রমন্ত্রী
যারা রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ তৈরি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন মন্ত্রী।
বিএনপির কোনো কাজে ‘বাধা দেওয়া হচ্ছে না’ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দলটি প্রতিদিন রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরও সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছে।
রাজনৈতিক কর্মসূচির নামে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।
বিএনপিকে উদ্দেশ্য করে কামাল বলেছেন, “তারা জানেন যে, নির্বাচন এলে তারা নির্বাচিত হবে না, নির্বাচনে জনগণ তাদেরকে ভোট দেবে না। এজন্য তারা জনগণের কথা, দুর্ভোগ চিন্তা না করেই প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি দিচ্ছে আন্দোলন করে যাচ্ছে। তারা রাজনৈতিক কর্মসূচি করছেন, আবার বলছেন যে আমরা নাকি তাদের বাধা দিচ্ছি।“
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ৪০ বছর পূর্তি উপলক্ষে রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে কথা বলেন স্বারাষ্ট্রমন্ত্রী।
ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিএনপি তিন যুব সংগঠনের ‘তারুণ্যের সমাবেশ’ এর প্রসঙ্গে ধরে তিনি বলেন, “তারা সম্প্রতি আমাদের কাছে অনুমতি চাইলেন, ডিএমপি কমিশনের কাছে গেলেন যে তারুণ্যের সমাবেশ করতে চায়। আমরা বলেছি আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। রাস্তাঘাট বন্ধ করা, যান চলাচল চলাচল বিঘ্নিত করা যাবে না।
“তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলেন, সেখানেই তাদের অনুমতি দেওয়া হয়েছে। এরপরও তারা কীভাবে বলেন সরকার তাদের সহযোগিতা করছে না? কিন্তু যারা জনদুর্ভোগ তৈরি করবে, আইন লঙ্ঘন করবে, মানবে না: তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা গ্রহণ করা হবে, এটাই স্বাভাবিক।”
বিএনপির রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিএনপি হঠাৎ করে আন্দোলনে এসেছে। কিন্তু তাদের বিগত দিনের কার্যকলাপের কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার প্রমাণ, ২০০৮ এবং পরবর্তী নির্বাচনগুলোতে জনগণ তাদের বিরুদ্ধে মতামত দিয়েছেন।“
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দেশের গণতন্ত্র টিকিয়ে রাখতে’ কাজ করে যাচ্ছেন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যখন রাজনৈতিক চর্চা ঠিক থাকবে, তখন দেশের এগিয়ে যাওয়ার পথও সুগম হবে।“
বিএনপি তাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার নিয়ে যে অভিযোগ করেছে, সে বিষয়ে কামাল বলেন, “এ পর্যন্ত তাদের যত নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, সবার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তারা কোনো না কোনো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করছে।“
লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচি চলার সময়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ‘যুবদল কর্মী’ নিহতের ঘটনায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “গোয়েন্দা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, দুই গ্রুপ বা ব্যক্তির মাঝে কর্তৃত্ব ও অংশীদারত্ব নিয়ে অসন্তোষ ছিল অনেকদিন থেকে।
“ওই দুই গ্রুপের সম্পর্কটা এমন জায়গায় গিয়েছিল যে একজন নিহত হয়েছে। বিএনপি বলছে এটা নাকি তাদের কর্মী। তাদেরকে স্পষ্ট করে বলতে চাই, নিহত ব্যক্তি বিএনপির কর্মী নয়।”
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠানে র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ও ক্র্যাবের সাধারণ সম্পাদক মামুনুর রশীদসহ ক্র্যাবে নেতারা উপস্থিত ছিলেন।
