বিএনপি-জামায়াত ‘পাল্টায়নি’: কূটনীতিকদের বললেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২৮ অক্টোবর যা ঘটেছে তাতে আমরা মর্মাহত। যদিও অতীতে বিএনপি-জামায়াতের সহিংসতার অভিজ্ঞতা থাকায়, আমরা অতোটা বিস্মিত হইনি।"
বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি কূটনীতিকদের অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনসহ সরকারের তিন মন্ত্রী ও এক উপদেষ্টা।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আনুষ্ঠানিক ব্রিফিং শুরু হয়, চলে প্রায় ৪৫ মিনিট।
ওই ব্রিফিংয়ে ঢাকায় প্রায় সব বিদেশি দূতাবাস বা হাই কমিশনের প্রধানের পাশাপাশি জাতিসংঘ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরাও অংশ নেন।
ব্রিফিংয়ের সূচনা বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “২৮ অক্টোবর যা ঘটেছে তাতে আমরা মর্মাহত। যদিও অতীতে বিএনপি-জামায়াতের সহিংসতার অভিজ্ঞতা থাকায়, আমরা অতোটা বিস্মিত হইনি।
“দুঃখের সঙ্গে বলছি, আমরা প্রত্যাশা করেছিলাম তারা বদলাবে, কিন্তু তারা পাল্টায়নি।”
জাতীয় নির্বাচনের আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে শনিবার সমাবেশ ডেকেছিল বিএনপি। ২০ শর্তে তাদের সমাবেশের অনুমতি দেয় পুলিশ।
শনিবার দুপুরের আগে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরুর পর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাপুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।
সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়, ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় আরো ডজনখানেক যানবাহন। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবনে।
দৈনিক বাংলা মোড়ে পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। সংঘাতে প্রাণ যায় যুবদলের মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ডের নেতা শামীম মোল্লার।
সংঘর্ষের মধ্যে পণ্ড হওয়া সমাবেশ থেকেই রোববার সারাদেশে হরতালের ডাক দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই হরতালেও দেশের বিভিন্ন স্থানে যানবাহন পোড়ানো হয়, সহিংসতায় প্রাণ যায় অন্তত একজনের।
ফায়ার সার্ভিসের হিসাবে শনিবার দুপুর ১টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে আগুন দেওয়ার মোট ৪৫টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৭টি ঘটনায় পোড়ানো হয়েছে যানবাহন। এছাড়া পুলিশ বক্স, বিদ্যুৎ অফিস, বাস কাউন্টার এবং রাজনৈতিক দলের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম সংসদ নির্বাচন বর্জনকারী বিএনপি ও জামায়াত পরের বছর দিনটিতে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের কর্মসূচিতে বাধা পেয়ে লাগাতার অবরোধ ডেকেছিল।
তিন মাসের অবরোধে নাশকতায় শতাধিক মানুষের মৃত্যু হয়, পোড়ানো হয় বহু গাড়ি। আন্দোলনে সরকার হঠাতে ব্যর্থ হওয়ার পর ২০১৮ সালে তারা আবার নির্বাচনে ফেরে। কিন্তু এবার সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও তারা আন্দোলন করছে।
তাদের সেই এক দফার আন্দোলনে দেশে হরতাল ফিরেছে প্রায় দুই বছর পর। রোববারের হরতাল শেষে দলটি মঙ্গল-বুধ-বৃহস্পতি তিন দিন সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে। আর এসব কর্মসূচি মানুষের মনে ফিরিয়ে আনছে ২০১৫ সালের স্মৃতি।
এ নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, সে কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বিদেশি কূটনীতিকদের বলেন, “আমরা আশা করেছিলাম, তারা শান্তিপূর্ণ হবে, কিন্তু তারা পাল্টায়নি। তারা অতীত থেকে শিক্ষা নেয়নি।”
পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ব্রিফিংয়ে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানও।
কী হল ব্রিফিংয়ে
পররাষ্ট্রমন্ত্রী মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার ব্রিফিং শেষে জানান, শনি ও রোববারের সহিংসতার বর্ণনার পাশাপাশি লিখিত আকারে বিভিন্ন তথ্য-উপাত্ত কূটনীতিকদের দিয়েছেন তারা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “যা যা ঘটেছে, বিশেষ করে ২৮ তারিখে, বিএনপি এবং জামায়াতের বিভিন্ন সন্ত্রাসী হামলা, জ্বালাও-পোড়াও, প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ এবং গেটের ভেতরে ঢোকা, পুলিশ বাহিনীর কর্মকর্তা, তাদের সদস্যদের যেভাবে মেরেছেন, আমরা এই যে ঘটনাগুলি আপনাদের মাধ্যমে পাওয়া, আপনাদের গণমাধ্যমকর্মীরাও যারা আক্রান্ত হয়েছেন, সেই তথ্যগুলি জানানো, ২৮ এবং ২৯ তারিখে…।
“এবং এগুলোর ভিডিও ফুটেজ, স্থিরচিত্র, যেগুলো ওপেন সোর্সে পাওয়া যায়, সেগুলো আমরা কম্পাইল করে দেখিয়েছি তাদেরকে।”
এর আগে ২৮ অক্টোবর রাতেই ওইদিনের সংঘর্ষের বিষয়টি ইমেইলের মাধ্যমে দূতাবাসগুলোর কাছে তুলে ধরা হয়েছিল বলে সাংবাদিকদের জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার।
ব্রিফিংয়ে কূটনীতিকদের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, “তাদের অভিব্যক্তি থেকে এটুকু বলতে পারি, আমরা ব্যস্ত ছিলাম আমাদের বক্তব্য দেওয়াতে, কিন্তু একদম স্তব্ধ হয়ে গেছেন তারা এবং অভিব্যক্তির বিষয়টা তাদেরকে জিজ্ঞেস করলে হয়ত পাবেন।
“তবে, তাদের কোনো প্রশ্ন ছিল না। তারা কেউ আমাদের এই প্রেজেন্টেশনের প্রেক্ষিতে প্রশ্ন করেননি। তারা শুনেছেন এবং তাদেরকে লিখিতভাবে পুরো জিনিসটা কম্পাইল করে দিয়েছি বাংলাদেশ পুলিশ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য জায়গা থেকে।”
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “আমরা এখানে বলছি না সাইলেন্স মানে কমপ্লিটলি অ্যাগ্রি করেছেন। আমরা এখনো বলছি না, সাইলেন্স মানে ডিজঅ্যাগ্রি করেছেন। আমরা যেটা বলছি, উনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল, উনারা কোনো প্রশ্ন করেন নাই।
“তার মানে আমরা যতটুকু বুঝতে পারি যে, আমরা যে ব্যাখ্যা দিয়েছি সেটা অন্ততপক্ষে স্পষ্ট হয়েছে। উনারা কনভিন্সড কি উনারা কনভিন্সড না, সেটা বলার দায়িত্ব আমার না, সেটা বলার দায়িত্ব উনাদের।”
তবে ব্রিফিংয়ে অংশ নেওয়া কূটনীতিকদের কেউ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেননি।
