১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এনসিপি নেতাদের উপর হামলায় বাসদের নিন্দা

বিবৃতিতে ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা নেতাদের কারো-কারো বক্তব্যের ভাষা নিয়েও সমালোচনা করেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2026, 10:05 PM

Updated : 11 Sep 2026, 03:45 PM

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। 

বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এই নিন্দা জানান।

মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার মৌলভীবাজারে পুলিশের বাধার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। সেখানেও এনসিপির নেতাদের গাড়িতে হামলার খবর পাওয়া গেছে। এনসিপির অভিযোগ, সরকারি দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। 

বিবৃতিতে বজলুর রশীদ ফিরোজ বলেন, “হবিগঞ্জে সরকারি সংগঠনের হামলায় এনসিপির কেন্দ্রীয় নেতাসহ প্রায় ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার প্রতিবাদ কর্মসূচিতেও পুলিশ ১৪৪ ধারা জারি করে বাধা দিয়েছে; যা মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি

“গত দুইদিনের এসব ঘটনার যে সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, তা খুবই আশঙ্কাজনক। শাসক রাজনৈতিক দল ও পুলিশ প্রশাসনের এহেন দমনমূলক কর্মকাণ্ড গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সব মানুষদের ভীষণভাবে উদ্বিগ্ন করেছে।’

বিবৃতিতে ২০২৪ সালের অভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা নেতাদের কারো-কারো বক্তব্যের ভাষা নিয়েও সমালোচনা করেন বজলুর রশীদ।

তিনি বলেন, “যে কোনো গণআন্দোলন বা অভ্যুত্থান জনগণের চেতনা ও সাংস্কৃতিক মানের উন্নয়ন ঘটায়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ২৪-এর অভ্যুত্থানের পর নেতৃত্বে থাকা ছাত্রদের কারো কারো বক্তব্যে অশ্লীল অশ্রাব্য ভাষা ব্যবহার এবং সাংস্কৃতিক মানের অবনমন খুবই আশঙ্কাজনক।

“অশ্রাব্য ভাষায় বক্তৃতা ও মব সন্ত্রাস গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে।”

বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে ঢুকে ছাত্রদের উপর রাকসু নেতা ও ছাত্রশিবিরের হামলার ঘটনায়ও তীব্র নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেন বজলুর রশীদ।